মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৩৩৪ জনকে জিজ্ঞাসাবাদ, আটক ৪৯
মালয়েশিয়ার পাহাং অঙ্গরাজ্যের লিপিস জেলায় বিশেষ অভিযানে মোট ৩৩৪ জনকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন বিভাগ। এ সময় বিভিন্ন দেশের ৪৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে অংশ নেয় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পাহাং শাখার ইমিগ্রেশন অ্যাকশন ইউনিটের ১৪ জন কর্মকর্তা। তারা লিপিস জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বসবাস বা কর্মরত সন্দেহে এসব ব্যক্তিকে আটক করেন।

অভিযান চলাকালে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের সন্দেহে ৩৩৪ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনকে আটক করা হয়েছে।
আটকদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৫১(৫)(বি) অনুযায়ী ১৪ দিনের জন্য রিমান্ডে নিয়ে কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী তদন্ত কার্যক্রম চলবে।

পাহাং ইমিগ্রেশন বিভাগ জনসাধারণকে তাদের নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
বিভাগটি জানিয়েছে, অবৈধ অভিবাসী এবং তাদের আশ্রয়দানকারী বা নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর ও আপসহীন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআরএম