মালদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ০৭:২৬ এএম, ২৮ এপ্রিল ২০২৬
ছবি-সংগৃহীত

মালদ্বীপের গুরাইধু দ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দ্বীপটিতে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, রাশেদুল গুরাইধু দ্বীপের একটি কফিশপে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন শুরু থেকেই দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছে। একইসঙ্গে নিহতের পরিবারের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাশেদুলের মরদেহ বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে। রাশেদুলের বাড়ি কক্সবাজার জেলায়।

এ ঘটনায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]