মাস্কাটে সড়ক দুর্ঘটনা
হাসপাতালে ৬ দিনের লড়াই শেষে না ফেরার দেশে রাঙ্গুনিয়ার মহসিন
ওমানের মাস্কাটে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ মহসিন (২৯) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সাহেদ আলী বাড়ির নুরুল আলমের ছেলে।
জানা গেছে, মোহাম্মদ মহসিন গত ১ মে মাস্কাটের আল খয়ের এলাকায় কাজ শেষে ব্যাটারিচালিত মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি বিকল হয়ে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে সেটি ঠিক করার চেষ্টা করছিলেন তিনি। এসময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাস্কাটের খৌলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (৬ মে) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার চাচাতো ভাই রাহাত চৌধুরী বলেন, মাত্র আট মাস আগে জান্নাতুল নাঈম নামের এক তরুণীকে বিয়ে করেন তিনি। বিয়ের কয়েক মাস পরই আবার কর্মস্থলে ফিরে যান। নতুন সংসারের স্বপ্ন পূরণের আগেই তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। কেউ বিশ্বাসই করতে পারছেন না, কিছুদিন আগেও যে মানুষটি পরিবারের সুখের জন্য প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন, আজ তিনি নিথর দেহ হয়ে ফিরবেন দেশে।
ইএ