মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের সম্পৃক্ততা বাড়াতে মিশিগানে বিশেষ সভা

আশিক রহমান
আশিক রহমান আশিক রহমান
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৭ মে ২০২৬
ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের মতবিনিময় সভা। এতে অংশ নেন হ্যামট্রামিক সিটির বর্তমান ও সাবেক বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর, ওয়ারেন ও ট্রয় সিটির কমিশনার এবং শিক্ষা বোর্ডের ট্রাস্টিরা।

সভায় সভাপতিত্ব করেন বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের সভাপতি সৈয়দ শাহেদুল হক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল।

সভায় মূল আলোচনায় উঠে আসে মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ, কমিউনিটি নেতৃত্ব এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব।

বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সঠিক তথ্য তুলে ধরে কমিউনির আস্থা ও সচেতনতা গড়ে তোলাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তারা আরও বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশি কমিউনিটির শক্ত অবস্থান তৈরি করতে হলে আর্থিক ও নৈতিক সমর্থন বাড়লে নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশি-আমেরিকান প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলেও মত দেন বক্তারা।

অনুষ্ঠানে বাংলা প্রেস ক্লাবকে কমিউনিটি ও জনপ্রতিনিধিদের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি নতুন প্রজন্মকে স্থানীয় রাজনীতি ও শিক্ষা বোর্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান অতিথিরা।

বক্তব্য দেন হ্যামট্রামেক সিটির মেয়র প্রোটেম মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলর আবু আহমেদ মুসা ও নাঈম লিয়ন চৌধুরী, সাবেক কাউন্সিলর এনাম মিয়া, ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজ ট্রাস্টি কামাল রহমান, ওয়ারেন সিটির ফয়সল আহমেদ, আজিজ চৌধুরী, সুমন কবির, সাব্বির খান, কবির আহমেদ, ট্রয় সিটির সাদেক রহমান সুমন ও বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের সাংবাদিক নেতারা।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]