বাংলাদেশিসহ ৯৯ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) বিভিন্ন দেশের ৯৯ জন অবৈধ অভিবাসীকে (পিএটিআই) নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বুধবার (১৩ মে) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১) হয়ে তাদের প্রত্যাবাসন করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে জানানো হয়, প্রত্যাবাসিতদের মধ্যে ৬৪ জন পুরুষ এবং ৩৫ জন নারী রয়েছেন। তারা মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, নেপাল, ভিয়েতনাম, পাকিস্তান ও ভারতের নাগরিক। এর আগে, তাদের কেদাহর সিক এলাকায় অবস্থিত বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে আটক রাখা হয়েছিল।
ইমিগ্রেশন বিভাগ জানায়, বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ, অনুমোদিত সময়ের বেশি অবস্থানসহ বিভিন্ন অপরাধে তারা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ লঙ্ঘন করেছেন। প্রত্যাবাসনের আগে সবাই তাদের নির্ধারিত সাজা সম্পন্ন করেছেন।
বিভাগ আরও জানায়, প্রত্যাবাসিতদের সবার বৈধ ভ্রমণ নথি ছিল। যাদের প্রয়োজন হয়েছে, তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে অস্থায়ী ভ্রমণ নথি বা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট (ইটিডি) সরবরাহ করা হয়েছে, যেন প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হয়।
কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো সব অভিবাসীকে বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নির্ধারিত সময় পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।
বিবৃতিতে বলা হয়, বেলান্তিক ইমিগ্রেশন ডিপোর অন্যতম প্রধান কার্যক্রম হিসেবে এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। সাজা সম্পন্ন করা আটক ব্যক্তিদের দ্রুত নিজ দেশে পাঠানোর মাধ্যমে দেশে অবৈধ অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
এএমএ