শায়খ আহমাদুল্লাহ

‘হামে শিশুদের মৃত্যুর মিছিল স্বাস্থ্যখাতের করুণ চিত্র ফুটিয়ে তুলেছে’

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ৩১ মার্চ ২০২৬
শায়খ আহমাদুল্লাহ

NICU-এর অপেক্ষায় থাকতে থাকতে হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল এবং প্রয়োজনীয় চিকিৎসার সংকট আমাদের দেশের স্বাস্থ্যখাতের এক করুণ চিত্র ফুটিয়ে তুলছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় আলেম ও আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

সোমবার (৩০ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, সরকারি হাসপাতালগুলোতে এনআইসিইউ সাপোর্ট বা শিশুদের ক্রিটিক্যাল ট্রিটমেন্ট সুবিধা একেবারেই অপ্রতুল। সামান্য অসুস্থতায় রোগীদের ঢাকায় ছুটে আসতে হয়, যা এক দুঃখজনক বাস্তবতা।

শিশুরা হামে আক্রান্ত হওয়ার আগেই অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, হামের চলমান যে সংকট তৈরি হয়েছে, এর জন্য অন্যান্য ব্যবস্থাপনার পাশাপাশি অভিভাবকদের বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি। আগে থেকেই পুষ্টিকর খাবার ও প্রকৃতির স্পর্শে বেড়ে ওঠার ব্যবস্থাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, খুব অল্পতেই আমাদের সন্তানরা নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তারা একদিকে যেমন কৃত্রিম ও অপ্রাকৃতিক জীবনধারায় বড় হচ্ছে, দিনদিন উন্নতির নামে প্রকৃতি ও মাটির সাথে অনেকটাই সম্পর্কহীন হয়ে যাচ্ছে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে; অপরদিকে পশ্চিমা সংস্কৃতির থাবায় মা-বাবার যথাযথ যত্ন থেকে তারা অনেকাংশে বঞ্চিত হচ্ছে। অনেক শিশু কাজের লোকের হাতে কিংবা ডে-কেয়ারে বড় হচ্ছে। ফলে শারীরিক ও মানসিকভাবে তারা দুর্বল হয়ে বেড়ে উঠছে। সেই সাথে বিজাতীয় অপসংস্কৃতির প্রভাব ও উদাসীনতার কারণে স্পিরিচুয়াল দিক থেকেও আমাদের পরিবারগুলো দুর্বল এবং অনিরাপদ হয়ে পড়ছে। দিনদিন আমল, দোয়া, তাওয়াক্কুল সব কিছু আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। ক্ষতিকর সব কিছুকে আমরা আপন করে নিয়েছি। আমাদের উচিত নিজেদের সার্বিক নিরাপত্তার জন্য সচেষ্ট হওয়া।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।