চেহারায় কৃত্রিম তিল লাগানো কি জায়েজ?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৬ এপ্রিল ২০২৬
চেহারায় কৃত্রিম তিল লাগানো কি জায়েজ?

প্রশ্ন: নারীদের সৌন্দর্য বৃদ্ধির জন্য চেহারায় বা শরীরের অন্য কোথাও কৃত্রিম তিল লাগানো কি জায়েজ?

উত্তর: সৌন্দর্য বৃদ্ধির জন্য চেহারায় বা শরীরের অন্য কোথাও যদি অস্থায়ী তিল আঁকা হয় বা লাগানো হয় এবং এ কারণে ত্বকের ক্ষতি না হয়, তাহলে তা জায়েজ।

কিন্তু শরীরে স্থায়ী পরিবর্তন করে কৃত্রিম তিল আঁকা বা লাগানো নাজায়েজ। কারণ এর মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা হয়।

হাদিসে সৌন্দর্য বৃদ্ধির জন্য সৃষ্টিগত আকৃতি পরিবর্তনকারীদেরকে অভিশপ্ত বলা হয়েছে। নবীজি (সা.) বলেন, আল্লাহ লানত করেছেন ওই নারীদের প্রতি যারা অন্যের শরীরে উল্কি আঁকে বা নিজের শরীরে উল্কি আঁকায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রু উপড়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। (সহিহ বুখারি: ৫৯৩১, সহিহ মুসলিম: ২১২৫)

চেহারায় বা শরীরের অন্য কোথাও অস্থায়ী কৃত্রিম তিল লাগানো হলে তা যদি পানির জন্য প্রতিবন্ধক হয়, তাহলে অজু ও ফরজ গোসলের সময় ওই তিল খুলে ফেলতে হবে। আর মেহেদি বা পানির জন্য প্রতিবন্ধক নয় এমন কোনো রং দিয়ে তিল আঁকা হলে তিলসহই অজু-গোসল শুদ্ধ হবে।

কেউ যদি শরীরে স্থায়ী তিল লাগায়, তাহলে ওই তিলের কারণে অজু-গোসল বা নামাজে কোনো সমস্যা হবে না। তিলসহই অজু-গোসল ও নামাজ শুদ্ধ হবে।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।