এবার ট্রেবলের হাতছানি হান্নান সরকারের সামনে

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:২২ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

সদ্য সমাপ্ত বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সকে শিরোপা জিতিয়েছেন, তার আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ট্রফি তুলেছেন আবাহনী লিমিটেডের হয়ে। টানা দুটি বড় আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার হান্নান সরকারের সামনে হাতছানি দিচ্ছে ঘরোয়া ক্রিকেটে ‘ট্রেবল’ জয়ের রেকর্ড। আজ থেকে শুরু হতে যাওয়া ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’-এ ‘দুরন্ত একাদশ’-এর ডাগআউটে দেখা যাবে এই মাস্টারমাইন্ডকে।

মাঠের লড়াইয়ে বিশ্বাসী হান্নান গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা জানান জাতীয় দলের সাবেক এই ওপেনার। কাগজে-কলমে তার দলকে তিন নম্বর শক্তির দল বলা হলেও হান্নান সরকার ভরসা রাখছেন তরুণদের ওপর। তিনি বলেন, ‘কাগজে কলমে রেজাল্ট হয় না, রেজাল্ট হয় মাঠে। তরুণ দল অনেক সময় এক্সট্রা কিছু পাওয়ার জেনারেট করতে পারে। সেই জিনিসটা করার অপেক্ষায় আমরা।’

বিশ্বকাপের আক্ষেপ ভুলে নতুন মঞ্চ নিরাপত্তা সংকটের কারণে এবার ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতেই বিসিবির এই বিশেষ আয়োজন। হান্নান সরকার এই টুর্নামেন্টকে কেবল সান্ত্বনা পুরস্কার হিসেবে দেখছেন না। তার ভাষায় ‘বিশ্বকাপ খেলছি না—এই ভাবনা থেকে নয়, এটাকে একটা ভালো কম্পিটিশন হিসেবেই দেখছি। তিনটা দলকে যেভাবে ধাপে ধাপে সাজানো হয়েছে, তাতে বোঝা যায় পরিকল্পনাটা সিরিয়াস।’

লক্ষ্য এখন ‘ট্রেবল’। টানা তিনটি ভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী হান্নান জানান, সাফল্যের জন্য পুরো দলের একাত্মতা প্রয়োজন। তিনি বলেন ‘কনফিডেন্স একা কোচের হলে হবে না। টিম বয় থেকে প্লেয়ার—সবার বিশ্বাস থাকতে হবে। এই দলে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা সবারই আছে।’

অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে আসা ক্রিকেটারদের নিয়েও বেশ আশাবাদী তিনি। হান্নানের মতে, এই টুর্নামেন্ট তাদের জন্য বড় এক প্ল্যাটফর্ম, ‘ওরা শুধু অনূর্ধ্ব-১৯ খেলেই আসেনি—বিপিএল, ডিপিএল খেলার অভিজ্ঞতাও আছে। তাই এই স্টেজে পারফর্ম করার সক্ষমতা তাদের রয়েছে।’

প্রথম ম্যাচের সূচি মিরপুরের হোম অব ক্রিকেটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে হান্নান সরকারের ‘দুরন্ত একাদশ’। তাদের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহউদ্দিনের ‘ধূমকেতু একাদশ’। ফ্লাডলাইটের আলোয় ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়।

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।