শেষ পর্যন্ত পরিত্যক্ত পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

বৃষ্টির শঙ্কা ভাবাচ্ছিল দুই দলকেই। কলম্বোর আবহাওয়ার পূর্বাভাসেই ছিল ভেস্তে যেতে পারে পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ। শেষ পর্যন্ত হয়েছেও তাই। টস হলেও মাঠে গড়ায়নি বল। পৌনে ৩ ঘন্টা অপেক্ষা করার পর পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) একাধিকবার সময় দিয়েও শুরু করা যায়নি ম্যাচটি। টসের পর নামে ঝুম বৃষ্টি। টস জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও সুপার এইটের প্রথম ম্যাচটি হলো পরিত্যক্ত। পয়েন্ট ভাগাভাগি হয়েছে দুই দলের মধ্যে।

ম্যাচ ভেন্যু কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসের পর নামা বৃষ্টিতে পুরো মাঠ ঢেকে ফেলা হয়। বৃষ্টির মাত্রা এতটাই বেশি ছিল যে কোনোভাবেই মাঠে নামতে পারনেনি দুই দলের ক্রিকেটাররা।

এর আগে, সুপার এইটা পাকিস্তান উত্তীর্ণ হয়েছে ‘এ’ গ্রুপ থেকে আর নিউজিল্যান্ড ‘ডি’ গ্রুপ থেকে। দুই দলই ৪ ম্যাচে জয়ের দেখা পেয়েছে সমান ৩টিতে। সালমান আলি আগার দল হেরেছে কেবল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুরু করার পর ভারতের বিপক্ষে হারলেও যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, নিউজিল্যান্ড হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গ্রুপে আফগানিস্তানের বিপক্ষে জিতে দুর্দান্ত শুরুর পর জয় পায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও। মাঝে প্রোটিয়াদের বিপক্ষে হারলেও শেষ ম্যাচে দাপুটে জয় পায় কানাডার বিপক্ষে।

আগামী ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান আর এর পরদিন ২৫ ফেব্রুয়ারি স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে কিউইরা।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।