স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে বিশ্বকাপে যাবে বাংলাদেশ
গত ওয়ানডে বিশ্বকাপে প্রস্তুতির ঘাটতি থাকলেও আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো খামতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের দশম আসরকে সামনে রেখে নিগার সুলতানা জ্যোতির দল স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। বুধবার মিরপুরে বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য নিশ্চিত করেন।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে পর্দা উঠবে আগামী নারী বিশ্বকাপের। এর আগে স্কটল্যান্ডে আয়োজিত হবে এই ত্রিদেশীয় সিরিজ, যেখানে স্বাগতিকদের পাশাপাশি বাংলাদেশের অন্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে রুবাবা দৌলা বলেন, বিশ্বকাপের আগে আমরা যেটা করছি, একটা হলো বিপিএল। এরপর একটি হোম সিরিজ আছে। এরপর একটি ত্রিদেশীয় সিরিজের অনুমোদন হয়ে গেছে এর মধ্যেই। স্কটল্যান্ডে যাবে দল। স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশ খেলবে। এই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি।
সূচি অনুযায়ী, মে মাসের শেষ দিকে বা জুনের শুরুতে স্কটল্যান্ডে পাড়ি জমাবে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজের এক প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষেই আগামী ১৪ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে জ্যোতি-মারুফাদের অন্য প্রতিপক্ষরা হলো ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের এই লম্বা প্রস্তুতির আগে ঘরের মাঠে ব্যস্ত সময় পার করবেন নারী ক্রিকেটাররা। আগামী ৪ থেকে ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে তিন দলের নারী বিপিএল, যার প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা ১৪ মার্চ।
এরপর আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা নারী দল। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিসের পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন জ্যোতি-নাহিদা-মারুফারা।
এসকেডি/এমএমআর