সেমিফাইনালের আশা বাঁচাতে জিম্বাবুয়ের সামনে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর এখন সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে জয় ছাড়া বিকল্প নেই ভারতের সামনে। বৃহস্পতিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা। একই সমীকরণ জিম্বাবুয়ের জন্যও- দু’দলের কেউই হার মানতে পারবে না।

ভারত ও জিম্বাবুয়ে- দু’দলই সুপার এইট শুরু করেছে হতাশাজনক পারফরম্যান্স দিয়ে। বড় ব্যবধানে হারায় নেট রান রেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শুধু জয় নয়, বড় জয় দরকার দুই দলেরই।

ভারতের সমর্থকরা চাইবেন দক্ষিণ আফ্রিকা যেন ওয়েস্ট ইন্ডিজকে হারায়। আর জিম্বাবুয়ে চাইবে উল্টোটা। কারণ ওই ম্যাচের ফলাফল সরাসরি প্রভাব ফেলবে সেমিফাইনালের দৌড়ে।

তবে অন্য ম্যাচ তাদের নিয়ন্ত্রণে নয়। নিজেদের পারফরম্যান্সই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ভারতের ক্ষেত্রে চাপটা আরও বেশি। জিম্বাবুয়ে ইতোমধ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে এবং শ্রীলঙ্কাকে চমকে দিয়ে নিজেদের সাফল্যের গল্প লিখে ফেলেছে; কিন্তু ভারতের জন্য শিরোপা ছাড়া কিছুই যথেষ্ট নয়।

এই বিশ্বকাপে ভারতের ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার ছিল বড় ধাক্কা। তাই জিম্বাবুয়ে এখানেই সুযোগ দেখছে। ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজার মতো বোলাররা নতুন বলে দ্রুত উইকেট তুলতে পারলে ম্যাচ জমে উঠতে পারে।

জসপ্রিত বুমরাহ টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ রানে ৩ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি। এই বিশ্বকাপে তার গড় ৯.৮৫ এবং ইকোনমি ৫.৩০। এমন পরিস্থিতিতে ভারতের সবচেয়ে বড় ভরসা তিনিই।

অন্যদিকে জিম্বাবুয়ের তাদিওয়ানাশে মারুমানি এখনো বড় ইনিংস খেলেননি, তবে ধারাবাহিক। চার ইনিংসে ২১, ৩৫, ৩৪ ও ১৪ রান করেছেন, স্ট্রাইক রেট ১৫৭.৫৭। পাওয়ারপ্লেতে তার আক্রমণাত্মক ব্যাটিং জিম্বাবুয়েকে ভালো শুরু এনে দিয়েছে।

পারিবারিক কারণে দেশে ফেরা রিংকু সিং চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। তবে একাদশে জায়গা পাকা নয়। সাঞ্জু স্যামসনকে টপ অর্ডারে আনা হতে পারে। অক্ষর প্যাটেলও ফিরতে পারেন, বিশেষ করে জিম্বাবুয়ের ডানহাতি ব্যাটিং লাইনআপ বিবেচনায়।

ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, ইশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রিংকু/তিলক, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তি, জসপ্রিত বুমরাহ।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ
মারুমানি (উইকেটরক্ষক), ব্রায়ান বেনেট, ডিওন মায়ার্স, রায়ান বার্ল, সিকান্দার রাজা (অধিনায়ক), টনি মুনিয়োঙ্গা, মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, গ্রায়েম ক্রেমার, মুজারাবানি, রিচার্ড নাগারাভা।

পিচ ও কন্ডিশন

চেন্নাইয়ের চিপক একসময় স্পিনারদের স্বর্গ হিসেবে পরিচিত ছিল; কিন্তু এবারের বিশ্বকাপে এটি ব্যাটারদের জন্য সবচেয়ে সহায়ক ভেন্যুতে পরিণত হয়েছে। স্পিনার ও পেসার- দু’ধরনের বোলারদেরই এখানে সংগ্রাম করতে দেখা গেছে।

কালো মাটির উইকেট ব্যবহার হবে, যেখানে নিউজিল্যান্ড ১৮৩ রান ১৭.৫ ওভারে তাড়া করে জিতেছিল। তাপমাত্রা থাকবে মাঝামাঝি ২০ ডিগ্রি সেলসিয়াসে।

পরিসংখ্যান ও তথ্য

  • বুমরাহ ও রিচার্ড নাগারাভা- টি-টোয়েন্টি ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ ১২টি মেডেন ওভার করেছেন।
  • সিকান্দার রাজা টি-টোয়েন্টিতে ৩০০০ রানের মাইলফলক থেকে ১৫ রান দূরে।
  • রাজা ও হার্দিক পান্ডিয়া- ২০০০ রান ও ১০০ উইকেট করা অল্প কয়েকজন অলরাউন্ডারের মধ্যে দু’জন।
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ ২০২২ সালে, যেখানে সূর্যকুমার যাদবের অপরাজিত ৬১ রানে ভারত ৭১ রানে জিতেছিল।

কোচদের বক্তব্য

ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক বলেছেন, ‘আমরা ইতিবাচক ক্রিকেটই খেলব। কয়েকটি উইকেট পড়লে কেউ হয়তো কিছু বল দেখে খেলবে, কিন্তু টি-টোয়েন্টিতে ইতিবাচক মানসিকতাই সাফল্য এনে দেয়।’

জিম্বাবুয়ের পক্ষ থেকে মুজারাবানিকে নিয়ে বলা হয়েছে, ‘সে ৬ ফুট ৯ ইঞ্চি লম্বা, অদ্ভুত বাউন্স তৈরি করে। এমন বোলার দলে থাকলে স্বস্তি লাগে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।