ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে পাকিস্তানের ভাগ্য

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ইংল্যান্ড এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে নিউজিল্যান্ডের জন্য ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক ততটাই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্যও। এই ম্যাচের ওপরই যে ঝুলে রয়েছে পাকিস্তানের সেমিফাইনাল-ভাগ্য।

কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

সুপার এইটে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে। ফলে পাকিস্তান এখন তাকিয়ে থাকবে ইংল্যান্ড যেন টানা তিন ম্যাচ জিতে এবং পরে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় পায়। নিউজিল্যান্ড আজ জিতে গেলে পাকিস্তানের বিদায় হয়ে যাবে।

ইংল্যান্ড এবারের বিশ্বকাপে নিখুঁত খেলতে পারছে না। পাকিস্তানের বিপক্ষে দুই উইকেটের নাটকীয় জয় তাদের সেমিফাইনাল নিশ্চিত করলেও পারফরম্যান্সে ছিল এলোমেলো ছাপ।

দলের বড় চিন্তার নাম জস বাটলার। পাকিস্তানের বিপক্ষে আরেকটি ব্যর্থ ইনিংস খেলার পর তার মুখে হতাশার ছাপ স্পষ্ট ছিল। টানা চার ইনিংসে ব্যর্থতা সত্ত্বেও ইংল্যান্ড এখনও তাদের সর্বকালের সেরা সাদা বলের ব্যাটারের ওপর আস্থা হারায়নি।

অন্যদিকে নিউজিল্যান্ড জয় পাওয়ার ব্যাপারে মরিয়া। ২০২৪ বিশ্বকাপে আফগানিস্তানের কাছে গ্রুপ পর্বে ছিটকে পড়ার হতাশা কাটিয়ে তারা আবারও টুর্নামেন্টের শক্তিশালী দল হিসেবে ফিরে এসেছে। চোট ও অসুস্থতার ধাক্কা সামলেও তারা পাঁচটি সম্পন্ন ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে।

গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেলেও তার বদলি কোল ম্যাককনচি শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই ম্যাচে পাঁচ স্পিনারের কৌশল কাজে লাগিয়ে তারা সাফল্য পায়, যেখানে ইংল্যান্ডের বিকল্প তুলনামূলক কম।

নিউজিল্যান্ড যদি জয় পায়, তাহলে তারা গ্রুপের শীর্ষে উঠে যাবে এবং সেমিফাইনালের ভেন্যু হিসেবে মুম্বাই ও কলকাতা নিশ্চিত হবে। তবে পাকিস্তান সমর্থকরা চাইবেন সমীকরণ এতটা সহজ না হোক!

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।