জিম্বাবুয়ের বিদায়ের দিনে রাজার রেকর্ড
সুপার এইটে ভারতের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে জায়গা করে নেওয়া জিম্বাবুয়ে পুরোপুরি হতাশ করেছে। সবশেষ ভারতের বিপক্ষে ৭২ রানে হেরেছে সিকান্দার রাজার দল। তবে সেই ম্যাচে ব্যক্তিগত এক রেকর্ড গড়েছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট ও ৩ হাজার রানের অসাধারণ কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক।
বিশ্বকাপের আগেই তার নামের পাশে ছিল ১০০ উইকেট। সেই রেকর্ড আগেই স্পর্শ করায় বাকি ছিল ৩ হাজারি ক্লাবে প্রবেশ। ভারতের বিপক্ষে ৩১ রানের ইনিংস খেলার পথে তিনি প্রবেশ করেন সেই ক্লাবে।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন রাজা। আর সব দেশ মিলিয়ে তিনি দ্বিতীয় এই রেকর্ড স্পর্শ করার দিক দিয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাজার রানসংখ্যা এখন ৩০১৬, বল হাতে শিকার ১০৪ উইকেট।
এর আগে, মালয়েশিয়ার বিরানদিপ সিং প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন। এখন পর্যন্ত ১১১ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে তার সংগ্রহ ৩ হাজার ১৮০ রান। পাশাপাশি উইকেট শিকার করেছেন ১০৯টি।
আইএন