কার্যালয়ে শেখ হাসিনার ব্যানার টানালো আ’লীগ কর্মীরা, আগুন দিলো বিএনপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

পাবনা জেলা কার্যালয়ের পর এবার বেড়া উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ঝটিকা মিছিল করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় পতাকা ও ব্যানার টানানোর ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়টিতে শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছবি সম্বলিত ব্যানার টানিয়ে দেন। তবে এ ঘটনার পর স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকরা ওই ব্যানার পুড়িয়ে দেন বলেও জানাে গেছে।

জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতার হওয়া এবং স্থানীয় অন্যান্য নেতারা পলাতক থাকায় দীর্ঘ ১৮ মাস ধরে বেড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। শুক্রবার সকালে হঠাৎ একদল নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেক, পৌর যুবলীগ নেতা রাজিবুল ইসলাম সেবু ও সাবেক ছাত্রলীগ নেতা সুমন সরদারসহ বেশ কয়েকজন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে নতুন তালা লাগিয়ে দেন।

এ বিষয়ে বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খাজা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার টানানোর পর কিছু লোক গিয়ে সেটি পুড়িয়ে দেয়। তারা কেউ কেউ হয়ত আমাদের দলকে সমর্থন করে। কিন্তু তারা দলের তেমন পর্যায়ের কেউ না। আর আওয়ামী লীগ যে অপশাসন মানুষের ওপর চালিয়েছে, তার জবাব মানুষ ও আইন দেবে। এ ক্ষেত্রে আইন আমাদের হাতে তুলে নেওয়ার খুব দরকার আছে বলে আমি মনে করি না।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, ফেইসবুকে এ ধরনের ছবি দেখে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু ব্যানার বা তেমন কিছুই পাওয়া যায়নি। আমরা তৎপর রয়েছি। বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।