ক্রিকেট সংশ্লিষ্ট সবার মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি: ফারুক আহমেদ
বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে বোর্ড, খেলোয়াড় এবং সাংবাদিক — সবার মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ ও সুষম সম্পর্ক থাকা প্রয়োজন বলে মনে করেন সাবেক অধিনায়ক ও বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ।
শুক্রবার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতারে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি, নতুন ক্রীড়ামন্ত্রীর পরিকল্পনা এবং সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি।
ক্রিকেট অঙ্গনে সাম্প্রতিক নানা বিতর্ক ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘’ক্রিকেট বোর্ড, প্লেয়ার ও সাংবাদিক — সবার লক্ষ্য কিন্তু একটাই, আর তা হলো বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন। এজন্য সবার মধ্যে সুন্দর সম্পর্ক থাকা জরুরি। সম্পর্ক সবসময় একরকম থাকে না, তবে তা ইম্প্রুভ করা সম্ভব।’
নতুন ক্রীড়ামন্ত্রীর মাঠ কেন্দ্রিক পরিকল্পনার প্রশংসা করে তিনি বলেন, ‘মন্ত্রী নিজে একজন প্রাক্তন খেলোয়াড়। তিনি বড় স্টেডিয়ামের চেয়ে মাঠের ওপর জোর দিয়েছেন। আমরাও মনে করি, প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা তুলে আনতে শুধু বড় স্টেডিয়াম নয়, বরং ভালো উইকেট, ড্রেসিংরুম এবং প্র্যাকটিস ফ্যাসিলিটিসহ প্রচুর মাঠ দরকার।’
সাকিব আল হাসানের ইস্যু নিয়ে প্রশ্নের জবাবে ফারুক আহমেদ জানান, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইনি নথিপত্র সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করা হয়েছে। তবে সাকিবের মাঠে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে কিছু বলা ডিফিকাল্ট। সাকিবের ফিটনেস এবং তিনি দেশে আসতে পারবেন কি না—এসবের ওপর অনেক কিছু নির্ভর করছে। উনি নিজেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’
এসকেডি/আইএন