টি-২০ বিশ্বকাপ

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে নামছে স্বাগতিক শ্রীলঙ্কা। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে স্বাগতিক শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের জন্যও ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমির আশা বাঁচিয়ে রাখতে হলে জিততে হবে। হারলেই বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে।

বুধবার রাতে প্রেমাদাসায় ফ্লাড লাইটের আলোয় মাঠে নামার আগে নিউজিল্যান্ড প্রায় আট দিনের বিশ্রাম পেয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ধসের পর ছন্দ হারানো শ্রীলঙ্কাই মানসিকভাবে রয়েছে বেশ চাপে।

টুর্নামেন্টের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত রান তাড়া এবং ওমানকে সহজে হারিয়ে ভালো অবস্থান ছিল শ্রীলঙ্কার। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচে ভয়াবহ ব্যাটিং ধস তাদের সেমিফাইনালের পথ কঠিন করে দিয়েছে।

আর প্রেমাদাসার ধীর ও আঠালো উইকেটে কিভাবে খেলতে হবে, তা নিয়ে বিভ্রান্ত ছিলেন ব্যাটাররা। কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস সিঙ্গেল নিতে গিয়ে আউট হন, আবার কেউ কেউ বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ে ভুল করেছেন। ফলে দলের ব্যাটিং পরিকল্পনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক ব্যাটিং ইউনিট হিসেবে আসছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত তাদের রানরেট প্রতি ওভারে ১০.৩৭, যা এই বিশ্বকাপে সর্বোচ্চ। প্রতি উইকেটে গড় রানও সবচেয়ে বেশি (৫০.৬৪)।

যদিও তারা এখন পর্যন্ত মাত্র ১৪টি উইকেট নিয়েছে, যা দলগুলোর মধ্যে সবচেয়ে কম। বিপরীতে শ্রীলঙ্কা পাঁচ ম্যাচে নিয়েছে ৩০ উইকেট। দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে তাদের জয়-পরাজয়ের রেকর্ড ১৬-৯। শ্রীলঙ্কার মাটিতেও ৫-৩ ব্যবধানে এগিয়ে কিউইরা।

নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, `আমরা অবশ্যই প্রতিটি ম্যাচ খেলতে চাই। এখন অন্য ম্যাচের দিকেও নজর রাখতে হচ্ছে।”

শ্রীলঙ্কার অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে বলেন, `পাওয়ারপ্লেতে বোলিং করা চ্যালেঞ্জিং ছিল। আমার লক্ষ্য ছিল বাউন্ডারি আটকানো এবং ব্যাটারদের ঝুঁকি নিতে বাধ্য করা।‘

নজরে থাকবেন যারা

নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই সফল। ১১ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট, ইকোনমি মাত্র ৬.৩৮। স্পিন সহায়ক আর প্রেমাদাসার উইকেটে তিনি আরও কার্যকর হতে পারেন।

শ্রীলঙ্কার হয়ে আলোচনায় রয়েছেন দুনিথ ভেল্লালাগে। এই টুর্নামেন্টে তার ঝুলিতে ৭ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ারপ্লেতে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। কলম্বোর স্পিন সহায়ক কন্ডিশনে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ব্যাট হাতেও তাকে ভরসা করছে দল।

সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কা
পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, পাভান রত্নায়েকে, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্তা, দুশমন্ত চামিরা, মহেশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা।

নিউজিল্যান্ড
টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রাবিন্দ্রা, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, ইশ সোধি, লকি ফার্গুসন।

উইকেট ও আবহাওয়া

আর প্রেমাদাসায় নতুন উইকেট ব্যবহার করা হলেও এটি শুষ্ক ও স্পিন সহায়ক হওয়ার সম্ভাবনা বেশি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দিনজুড়ে গরম ও আর্দ্র থাকবে, তবে বৃষ্টির আশঙ্কা নেই।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।