জেদ্দা থেকে বিশেষ ব্যবস্থায় ফিরছেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:১১ পিএম, ০১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে পবিত্র উমরাহ হজ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে আজ রোববার (১ মার্চ) রাতে একটি বিশেষ ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।

জানা গেছে, উমরাহ পালন শেষে গতকাল শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। কিন্তু ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি হামলার জেরে ওই অঞ্চলের আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় মাঝপথ থেকে তাদের ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়।

এমন পরিস্থিতিতে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছিলেন, সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। আমি এখন বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। আল্লাহই ভালো জানেন কবে এবং কীভাবে ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া চাইছি।

রোববার মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা জানান, ‘গতকাল দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষার পর এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে নিয়ে যায়। সবশেষ খবর পেয়েছি, এমিরেটসের ফ্লাইটে তাদের আসা সম্ভব হচ্ছে না। জেদ্দা থকে দুবাই হয়ে আসার পথটি এখন জটিল। তবে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুশফিকের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বাংলাদেশ বিমানের একটি টিকিট ম্যানেজ করে দিয়েছেন।’

তিনি আরও জানান, সব ঠিক থাকলে আজ রাত ১০টা ৩৫ মিনিটে মুশফিক বাংলাদেশ বিমানের ফিরতি ফ্লাইটে আরোহণ করবেন এবং আগামীকাল সোমবার সকাল সাড়ে ৮টার মধ্যে ঢাকায় পৌঁছাবেন।

ছেলের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহবুব হামিদ। একই সঙ্গে আটকে পড়া অন্য প্রবাসীরাও যেন দ্রুত ও নিরাপদে ফিরতে পারেন, সে জন্য দোয়া চেয়েছেন তিনি।

এলবি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।