অন্তত এক মাস মাঠের বাইরে নিউজিল্যান্ড অধিনায়ক
নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার গুরুতর চোটে পড়েছেন। এতে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। স্ক্যান রিপোর্টে তার বাম কাঁধে গ্রেড থ্রি এসিএল ইনজুরি ধরা পড়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
৩৪ বছর বয়সী স্যান্টনার আইপিএলের এবারের মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন। গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি এই চোট পান। যদিও সেই ম্যাচে তিনি চার ওভার বল করেন (১/৪৪), কিন্তু ব্যাটিংয়ে নামেননি।
চোটের পর তিনি নিউজিল্যান্ডে ফিরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন স্যান্টনার। চিকিৎসকের মতে, তাকে অন্তত এক মাস বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে।
এই ইনজুরির কারণে স্যান্টনার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না। পরবর্তী ম্যাচগুলোতে তার অংশগ্রহণ পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করা হবে।
আইপিএলে যোগ দেওয়ার আগে স্যান্টনার ব্যক্তিগত কারণে কিছু অতিরিক্ত ছুটি চেয়েছিলেন এবং সেই কারণে বাংলাদেশ সফরের সাদা বলের সিরিজেও অংশ নেননি।
তবে আশা করা হচ্ছে, স্যান্টনার পুরোপুরি সুস্থ হয়ে জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আবারও নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিতে পারবেন।
এমএমআর