৩৩ বলের এক সেঞ্চুরিতে অনেক রেকর্ড ভাঙলেন অ্যালেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৫ মার্চ ২০২৬

সেমিফাইনালটা সেমিফাইনালের মতো হলো না। একতরফা খেলে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাম লেখালো নিউজিল্যান্ড। ৪৩ বল হাতে রেখে ১৭০ রানের লক্ষ্য পাড়ি দিয়েছে কিউইরা। রান তাড়ায় নায়ক ফিন অ্যালেন, যিনি ৩৩ বলে করেছেন বিধ্বংসী এক সেঞ্চুরি।

ফিন অ্যালেনের এক সেঞ্চুরিতেই রেকর্ডবইয়ে হয়েছে তোলপাড়। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কী কী রেকর্ড হলো...

৩৩
অ্যালেনের ৩৩ বলে সেঞ্চুরি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম। এর আগে দ্রুততম সেঞ্চুরিটি ছিল ২০১৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের ৪৭ বলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পুরুষ অথবা নারী দুই বিভাগের মধ্যে দ্রুততম সেঞ্চুরি এখন অ্যালেনের। এর আগে নারী বিশ্বকাপে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিন ৩৮ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডটি নিজের কাছে রেখেছিলেন।

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখন অ্যালেনের। ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে সেঞ্চুরি করে এতদিন এই রেকর্ডটি ছিল গ্লেন ফিলিপসের।


টি-টোয়েন্টিতে অ্যালেনের চেয়ে দ্রুততম সেঞ্চুরি আছে কেবল দুইজনের। ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি হাঁকান এস্তোনিয়ার সাহিল চৌহান। ২০২৫ সালে বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেন তুর্কির মোহাম্মদ ফাহাদ।

পূর্ণ সদস্য দেশের মধ্যে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন অ্যালেন। ২০২৩ সালে গাম্বিয়ার বিপক্ষে সিকান্দার রাজাও ৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি অ্যালেনেরই। এর আগে দ্রুততম শতকের রেকর্ডটি ছিল বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মার। দুজনই ২০১৭ সালে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকান।


টি-টোয়েন্টিতে অ্যালেনের সেঞ্চুরি এখন তিনটি। কলিন মুনরোর সঙ্গে যৌথভাবে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ সংখ্যক। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানো নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটার অ্যালেন।

১০০*
টি-টোয়েন্টি বিশ্বকাপে নকআউট ম্যাচে সেঞ্চুরি হাঁকানো প্রথম ব্যাটার অ্যালেন। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান ৯৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

১৯
অ্যালেন তার ফিফটি তুলে নেন ১৯ বলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে দ্রুততম ফিফটি এটি। এর আগে ২০০৭ সালে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুবরাজ সিংয়ের ২০ বলে ফিফটিই ছিল দ্রুততম।

অ্যালেনের ফিফটি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়েও দ্রুততম। চলতি টুর্নামেন্টেই কানাডার বিপক্ষে ২২ বলে ফিফটি করে এই রেকর্ড গড়েছিলেন গ্লেন ফিলিপস।

১৮
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে যৌথভাবে দ্রুততম বাউন্ডারির রেকর্ড এখন অ্যালেনের। ২০১২ বিশ্বকাপে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ১৮ বাউন্ডারি হাঁকান ব্রেন্ডন ম্যাককালাম।

২০
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ২০টি ছক্কা হাঁকিয়েছেন অ্যালেন। বুধবার এক ম্যাচে মেরেছেন ৮টি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সংখ্যক ছক্কার রেকর্ড এখন অ্যালেনের। এই বিশ্বকাপেই ১৯টি ছক্কা হাঁকিয়ে আগে রেকর্ডটি দখল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সিমরন হেটমায়ার।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।