বাংলাদেশ ফুটবল লিগ

ম্যানেজমেন্ট বদলালেও বদলায়নি মাঠের মোহামেডান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৩ মার্চ ২০২৬

নতুন পরিচালনা পর্ষদ পেয়েছে মোহামেডান। ৯ মার্চ অনুষ্ঠিত ক্লাবটির নির্বাচনে সামর্থ্যবান এক ঝাঁপ পরিচালক দায়িত্ব নিয়েছেন ক্লাবটির। দায়িত্ব নিয়েই নতুন ম্যানেজমেন্ট ফুটবলারদের বকেয়া বেতন পরিশোধে নজর দেন। দেশি-বিদেশি ফুটবলারদের বুঝিয়ে দেন তাদের পাওনার এক অংশ। তাতে অবশ্য মাঠে মোহামেডানের ভাগ্য বদলায়নি। বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মোহামেডান ১-১ গোলে আটকে গেছে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে। ঘরের মাঠ কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান যেন জিততেই ভুলে গেছে। পঞ্চম রাউন্ডে পিডিব্লিউডির বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর আলফাজ আহমেদের দল আরো কোনো ম্যাচে পূর্ণ পয়েন্ট পায়নি। কিংসের কাছে ২-০ গোলে হারের পর টানা তিন ম্যাচ ড্র করেছে আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ ও ব্রাদার্সের বিপক্ষে। ফিরতি লেগের প্রথম ম্যাচে হেরেছিল ফর্টিসের কাছে। পরের ম্যাচ করলো ড্র।

সর্বশেষ ৬ ম্যাচে সাদাকালোরা সংগ্রহ করতে পেরেছে মাত্র ৪ পয়েন্ট। শুক্রবারের ১ পয়েন্টে আলফাজ আহমেদের দলের টেবিলে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ১১ পয়েন্ট নিয়ে ৬ অবস্থান করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই মোহামেডানকে চাপে রাখে পুলিশ এফসি। তাদের আক্রমণভাগের খেলোয়াড়রা বারবারই পরীক্ষা নিচ্ছিল মোহামেডানের রক্ষণভাগকে। ৩৯ মিনিটে সাফল্য পায় পুলিশ। ডান প্রান্ত দিয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওদো মোজেস তোচুকো পেনাল্টি বক্সে ঢুকলে মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত তাকে পেছন থেকে ফাউল করেন। পেনাল্টি থেকে অত্যন্ত ঠাণ্ডা মাথায় গোল করে পুলিশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাওলো সান্তোস ডি আজেভেদো।

গোল হজমের পর মোহামেডান ঘুরে দাঁড়াতে একদমই সময় নেয়নি। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে এক দূরপাল্লার শটে বল সরাসরি জালে জড়ান উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ।

দিনের অন্য ম্যাচে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ। পুরান ঢাকার এই ক্লাবটি ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে। প্রথমার্ধে গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্মের দারুণ এক ফিনিশিংয়ে লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধেও সেই ছন্দ ধরে রেখে রফিকুল ইসলামের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। এরপর ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বোয়াটেং দলের হয়ে তৃতীয় গোলটি করে এক দাপুটে জয় নিশ্চিত করেন।

এই দারুণ জয়ের ফলে ১১ ম্যাচে ৫ জয়, ৩ ড্র এবং ৩ হারে মোট ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ। অন্যদিকে, লিগের এই পর্যায়ে এসে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই রয়ে গেছে ফকিরেরপুল।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।