যে কারণে পাকিস্তান ছেড়েছিলেন কারস্টেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২২ মার্চ ২০২৬

সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিয়েছেন গ্যারি কারস্টেন। এরপরই পাকিস্তানের কোচ হিসেবে নিজের সংক্ষিপ্ত ও অম্লমধুর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। পাকিস্তানের কোচ হিসেবে ২০২৪ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মাত্র পাঁচ মাসের সেই অধ্যায়টি কেন তাঁর ক্যারিয়ারের অন্যতম জটিল সময় হিসেবে আখ্যা দিয়েছেন কারস্টেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের কোচ হিসেবে নিজের অভিজ্ঞতার কথা শোনান কারস্টেন। পিসিবি-র সঙ্গে মূলত দল নির্বাচন, অধিনায়কত্ব এবং মাঠের বাইরের অতিরিক্ত 'হস্তক্ষেপ' নিয়ে মতপার্থক্যের কারণেই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ানকে সাদা বলের অধিনায়ক করার প্রক্রিয়ায় তাঁর মতকে গুরুত্ব না দেওয়াটা বড় প্রভাব ফেলেছিল।

সাক্ষাৎকারে ৫৮ বছর বয়সী কার্স্টেন সরাসরি কোনো ব্যক্তির নাম না নিলেও পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতির অভ্যন্তরীণ হস্তক্ষেপকে 'ভীতিপ্রদ' হিসেবে বর্ণনা করেছেন। ৩৮ বছরের ক্রিকেটীয় অভিজ্ঞতার ঝুলি থাকা সত্ত্বেও কোচ হিসেবে নিজের প্রভাব খাটাতে না পারাকেই তিনি সরে দাঁড়ানোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, 'সব মিলিয়ে মাত্র পাঁচ মাস আর ছয়টি ম্যাচ। অভিজ্ঞতার হিসেবে এটি ছিল খুবই সামান্য এক ঘটনা।'আমি সারা বিশ্বে কাজ করেছি, এটি আমার চতুর্থ আন্তর্জাতিক চাকরি। একেক দেশে হস্তক্ষেপের মাত্রা একেক রকম হয়। তবে পাকিস্তানে এই হস্তক্ষেপের বিষয়টি বেশ ভীতিপ্রদ এবং জটিল ছিল। কোচ হিসেবে যখন আপনার কোনো প্রভাবই থাকবে না, তখন সেই কাজ করার মানে কী? আমি ২০ বছর বয়স থেকে ক্রিকেটে আছি, এখন আমার বয়স ৫৮। দীর্ঘ ৩৮ বছরের অভিজ্ঞতা নিয়ে আমি কোথাও গিয়ে যদি কিছু যোগ করতে না পারি, তবে সেখানে থাকার কোনো সার্থকতা দেখি না।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তানি ক্রিকেটারদের জরিমানা করেছে পিসিবি। এটা শুনে রাগ নয়, বরং দুঃখ প্রকাশ করেছেন কারস্টেন। ভারতকে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ বলেন, , 'খবরটি শুনে আমি অবাক হইনি, বরং খারাপ লেগেছে। এই ছেলেরা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। তাদের সঙ্গে আমার একটি আত্মিক টান তৈরি হয়েছে। কলম্বোতে তাদের সঙ্গে দেখা হওয়ায় খুব ভালো লেগেছিল। তারা সবাই ভালো মানুষ এবং দেশের জন্য জানপ্রাণ দিয়ে খেলতে চায়।'

এসকেডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।