শান্তর মুখে বিশেষ মাস্কের রহস্য কী?

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০১ এপ্রিল ২০২৬

মিরপুরে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেখা গেছে বিশেষ ধরনের এক কালো মাস্ক পরে দৌড়াতে। সাধারণ মাস্কের মতো মনে হলেও এটি আসলে ‘স্পোর্টস মাস্ক’ বা ‘হাই অ্যালটিটিউড মাস্ক’। ক্রিকেটারদের ফিটনেস আরও একধাপ উপরে নিতেই বিসিবির এই নতুন প্রযুক্তির ব্যবহার।

উচ্চতর পাহাড়ি অঞ্চলের মতো অক্সিজেন স্বল্পতার কৃত্রিম পরিবেশ তৈরি করে এই মাস্ক। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে জাতীয় দলের ফিটনেস ট্রেইনার ইফতিখার ইফতি বলেন, ‘এই মাস্কের কাজ হচ্ছে আপনাকে সহজে শ্বাস নিতে দেবে না, অনেক কষ্ট করে নিতে হবে। এতে হার্টের ক্যাপাসিটি এবং লোড নেওয়ার ক্ষমতা বাড়বে।’

শরীরের চর্বি কমানো বা ফ্যাট রিডাকশনেও এটি জাদুর মতো কাজ করে। ইফতি আরও বলেন, ‘হার্ট রেট যখন ৮৫ শতাংশের উপরে থাকে তখন ফ্যাট রিডিউস হতে থাকে। মাস্ক পরে এক রাউন্ড দৌড়ালে হার্ট রেট দ্রুত ৮৫ শতাংশে উঠে যায়, যা মাস্ক ছাড়া পাঁচ রাউন্ড দিলে হতো। অর্থাৎ অল্প সময়ে আমরা বেশি কাজ আদায় করতে পারছি।’

যারা ইনজুরির কারণে মাঠে জোরে দৌড়াতে পারছেন না, তাঁদের কন্ডিশনিং ধরে রাখতে এটি বিশেষ কার্যকর। ইফতির মতে, ‘যে প্লেয়ার ইনজুরির কারণে রানিং করতে পারছে না, তাকে যদি আধা ঘণ্টা এই মাস্ক পরিয়ে হাঁটাই, তবে সেটা রানিংয়ের সমান কন্ডিশনিংয়ের কাজ দেয়। এখন অনেক প্লেয়ারই এটা ব্যবহার করতে চাচ্ছে।’

আগামীকাল শেষ হচ্ছে টাইগারদের ছয় দিনের এই বিশেষ কন্ডিশনিং ক্যাম্প। ট্রেইনার ইফতি জানান, ‘আমার চাওয়া ছিল ছয় দিনের একটা স্ট্রং ‘টাফেস্ট’ ক্যাম্প, সেটা আগামীকাল শেষ হয়ে যাচ্ছে। এরপর হেড কোচ এবং কন্ডিশনিং কোচরা মিলে কোঅর্ডিনেশন মিটিং করবেন এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এসকেডি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।