বিসিবি নির্বাচন

তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

গেলো বছরের ৬ আগস্ট অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। যেখানে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগে বড় একটা পক্ষ নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এমনকি তখন থেকেই ঘরোয়া ক্রিকেট বয়কট করে আসছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। জাতীয় নির্বাচনের পর ক্লাব ও বিভাগীয় কাউন্সিলরদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটি তদন্তের স্বার্থে ডাকলেও সাড়া দেননি তখনকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

রোববার (৫ এপ্রিল) তদন্ত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত রিপোর্ট জমা দেয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান। সেখানেই উঠে আসে আসিফ মাহমুদের হাজির না হওয়ার প্রসঙ্গ।

বিসিবির গেলো নির্বাচনে বেশ আলোচনায় ছিলেন আসিফ মাহমুদ। সরাসরি উপদেষ্টার ক্ষমতা ব্যবহার করে জেলা ও বিভাগে কাউন্সিলর তালিকা বদলানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। তবে তদন্ত কমিটি তাকে ডাকলেও সাড়া দেননি।

এই তদন্তের অন্যতম প্রধান দিক ছিল সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পৃক্ততা খতিয়ে দেখা। সাংবাদিকের প্রশ্নের জবাবে কমিটির প্রধান আসাদুজ্জামান স্পষ্ট জানান যে, তাকে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। তিনি বলেন, ‘আসলে ডেকেছিলাম বলতে, উনি কিছু বলতে চান কিনা সেই জন্য। উনাকে অভিযুক্ত করার জন্য না। আমরা জাস্টিফিকেশনের জন্য কিছু বলি নাই। উনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল উনি আমাদের কাছে আসেননি।’

শুধু উপদেষ্টা নন, নির্বাচনের সাথে সরাসরি জড়িত নির্বাচন কমিশনকেও ডেকেছিল এই কমিটি। তবে তারাও সশরীরে উপস্থিত না হয়ে লিখিত বক্তব্যের ওপর নির্ভর করেছেন। এ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ‘সশ্লিষ্ট সবাইকে আমরা চেষ্টা করেছি নিয়ে এসে তাদের সাথে কথা বলার জন্য। উনারা উত্তর দেন নাই, আমাদের লিখিত বক্তব্য দিয়েছেন।’

একজন সাবেক বিচারক হিসেবে বিসিবির অভ্যন্তরীণ নির্বাচনী ব্যবস্থা দেখে তিনি অবাক হয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি রহস্য রেখে বলেন, ‘যা পেয়েছি তাই তো। এইটা বলতে গেলে তো অন্যরকম ইয়েতে টাচ করে যাচ্ছে। আর বলতে চাচ্ছি না আমি। যা পেয়েছি, পেয়েছি।’

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।