নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন ইতিহাস গড়তে পারবে কি বাংলাদেশ?
নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো সফরে বা ঘরের মাঠে দুই সংস্করণেরই সিরিজ জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। তবে এবার সেই সুযোগটা সামনে এসেছে। তৃতীয় টি-টোয়েন্টিতে নামছে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে। চলমান সিরিজে ওয়ানডেতে ২-১ ব্যবধানে জেতার পর টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছে জয়ে।
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজ হারের কোনো শঙ্কাই নেই বাংলাদেশের। প্রথম ম্যাচে ১৮৩ রানের লক্ষ্য সহজেই তাড়া করে জেতায় আত্মবিশ্বাসও তুঙ্গে। সেই ম্যাচে মূল পার্থক্য গড়ে দেন মিডল-অর্ডারের তিন ব্যাটার তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমন। তিনজনই বেশ দারুণ গতিতে রান তুলে দুই ওভার হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন।
তবে ওপেনিং জুটি থেকে আরও আক্রমণাত্মক শুরু চাইবে দল। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের কাছে প্রত্যাশাটা অনেকবেশি। দুজনই প্রতিভাবান হলেও প্রথম ম্যাচে দ্রুত রান তুলতে পারেননি। সাইফ ১৬ বলে ১৭ এবং তানজিদ ২৫ বলে ২০ রান করেন, যেখানে ডট বল বেশি খেলায় চাপ তৈরি হয়।
অন্যদিকে, নিউজিল্যান্ডের শুরুটা ছিল উল্টো চিত্র। ক্যাটেন ক্লার্ক ও ড্যান ক্লেভার দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়েন। তবে তারা আউট হওয়ার পর মিডল-অর্ডার রান তোলার গতি ধরে রাখতে পারেনি। কেবল অধিনায়ক নিক কেলি ২৭ বলে ৩৯ রান করে কিছুটা লড়াই করেন। ফলে সম্ভাব্য দুইশ রানের বেশি স্কোর থেকে পিছিয়ে যায় দলটি।
বোলিংয়েও অভিজ্ঞতার অভাব চোখে পড়েছে নিউজিল্যান্ডের। কয়েকটি বড় ওভার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিশেষ করে বাঁহাতি স্পিনার জেইডেন লেননক্সকে না খেলানো একটি ভুল সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
আইএন