‘গার্লফ্রেন্ড কালচার’ বন্ধে উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড  

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ এএম, ০৫ মে ২০২৬

 

আন্তর্জাতিক ম্যাচ কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগের খেলায় খেলোয়াড়দের গার্লফ্রেন্ডদের প্রায়শই দেখা যায় গ্যালারিতে। ম্যাচ শেষে আবার মাঠেও নেমে আসতে দেখা যায় তাদের। তবে এই ‘গার্লফ্রেন্ড কালচার’ নিয়ে ভাবছে ভারতের ক্রিকেট বোর্ড। লাগাম টানতে চাচ্ছে এই সংস্কৃতিতে।

ভারতের ক্রিকেট বোর্ড হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ইশান কিষান ও আর্শদিপ সিংরা আইপিএলে অবাধে গার্লফ্রেন্ড নিয়ে চলাফেরার বিষয়টি ভালোভাবে নেয়নি। উদ্বেগ উঠেছে টিম বাসে ভ্রমণ ও দলের হোটেলে অবস্থান করতে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে।

দৈনিক জাগরণের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড ‘ইনফ্লুয়েন্সার’ পরিচয়ের কিছু পার্টনার নিয়েও চিন্তিত। অভিযোগ রয়েছে, তাদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বেটিং অ্যাপ প্রচার করেছে। সাম্প্রতিক সময়ে কিছু ক্রিকেটার ও তাদের সঙ্গীদের মধ্যে বিরোধও দেখা গেছে। কিছু ঘটনায় অভিযোগ পুলিশের কাছেও গড়িয়েছে, যা লিগ ও বোর্ডের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

একজন উচ্চপদস্থ বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘এটা এখনই বন্ধ না করলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে। আমরা দেখছি টিম বাস পর্যন্ত গার্লফ্রেন্ডদের জন্য অপেক্ষা করছে, এমনকি তারা খেলোয়াড়দের সঙ্গে একই হোটেলেও থাকছে।’

একই বক্তব্য বারবার উঠে এসেছে যে, কিছু পার্টনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ায় ম্যাচ সংক্রান্ত সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে, যা খেলার সততা ক্ষতিগ্রস্ত করতে পারে।

বোর্ড আগামী বৈঠকে বিষয়টি নিয়ে কঠোর নির্দেশিকা জারি করতে চায় ‘গার্লফ্রেন্ড কালচার’ সংক্রান্ত এই নিয়ম শুধু আইপিএল নয়, ভারতের জাতীয় দলের বিদেশ সফরেও প্রযোজ্য হতে পারে। যদিও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো বেসরকারি মালিকানাধীন, তবুও বিসিসিআই একটি কেন্দ্রীয় নিয়ম চালু করতে চায় যা সব দলের জন্য বাধ্যতামূলক হবে।

এছাড়া আকসুকেও ভ্রমণ ও আবাসন ব্যবস্থাপনা নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হতে পারে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।