বাংলাদেশ-নিউজিল্যান্ড

খেলা দেখতে এলেন বাবা, ফুল দিয়ে বরণ করলেন ছেলে

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০২ মে ২০২৬

ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। তৃতীয় ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের মিশন, আর নিউজিল্যান্ডের সামনে সিরিজ বাঁচানোর। এমন সমীকরণ সামনে নিয়ে মিরপুর শেরে বাংলায় মুখোমুখি হয় বাংলাদেশ এবং নিউজিল্যান্ড।

সিরিজ জয়ের মিশন লিটন দাসদের। যে কারনে দর্শকদেরও বাড়তি আগ্রহ ছিল ম্যাচটা ঘিরে। সেই আগ্রহের ঢেউ ছুঁয়ে গেছে সকারের উচ্চ পর্যায়েও। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ ছুটে গেলেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচটি গ্যালারিতে বসেই উপভোগ করেন তিনি।

বিএনপির শীর্ষ নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হলে সেখানে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন আরও বিশেষ একজন। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ।

Tamim Iqbal

তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অন্যতম সদস্য হলেন সৈয়দ ইব্রাহিম আহমেদ। এছাড়া রয়েছেন মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম।

স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করার সময় উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা ও বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

ম্যাচটিতে অবশ্য জিততে পারলো না বাংলাদেশ। হেরে গেছে ৬ উইকেটের ব্যবধানে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ১৫ ওভারের মধ্যে বাংলাদেশ ১৪.২ ওভারে অলআউট হয়েছে ১০২ রানে। জবাবে ১১.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।