এক লাফে ৪৮ ধাপ উন্নতি বাংলাদেশি স্পিনারের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৫ মে ২০২৬

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে এসেছে কিছু ইতিবাচক খবর। আইসিসির সর্বশেষ হালনাগাদ করা র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন দলের কয়েকজন ক্রিকেটার।

বোলিংয়ে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন সুলতানা খাতুন। তিন ম্যাচের সিরিজে ৬ উইকেট নিয়ে তিনিই ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। পুরো সিরিজে ১০ ওভার বল করে মাত্র ৫৮ রান দিয়েছেন তিনি, যেখানে তার সেরা বোলিং ছিল ৬ রানে ৩ উইকেট। গড়েও ছিলেন বেশ কার্যকর—প্রতি উইকেট পেতে খরচ করেছেন মাত্র ৯.৬৬ রান।

এই পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন র‍্যাংকিংয়ে। এক লাফে ৪৮ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় উঠে এসেছেন ৩৮ নম্বরে, যা বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি।

ব্যাটিংয়েও এসেছে উন্নতির ছোঁয়া। শারমিন আক্তার সুপ্তা ১০ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৩৭ নম্বরে। দিলারা আক্তার ৫ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে পৌঁছেছেন। আর স্বর্ণা আক্তার ১৯ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৬২ নম্বরে।

অন্যদিকে, ব্যাটারদের শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। তালিকার শীর্ষে আছেন জর্জিয়া ভোল। দ্বিতীয় স্থানে রয়েছেন বেথ মুনি এবং তৃতীয় স্থানে আছেন লরা ওলভার্ট। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে হেইলি ম্যাথিউস ও স্মৃতি মান্ধানা।

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।