মিরপুর টেস্ট
৩৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ
মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ৩৪ রানের লিড নিলো বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে ৪১৩ রানের জবাবে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। অর্থাৎ প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। দিন শেষ করেছে বিনা উইকেটে ৭ রানে। অর্থাৎ লিড এখন ৩৪ রানের।
মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারে যোগ হলো আরেকটি ফাইফার। ১০২ রানে ৫ উইকেট শিকার করলেন এই অফস্পিনার। আজান ওয়াইজের সেঞ্চুরির (১০৩) পর হাফসেঞ্চুরি করেন আবদুল্লাহ ফজল (৬০), সালমান আগা (৫৮) আর মোহাম্মদ রিজওয়ান (৫৯)।
তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে খেই হারানো পাকিস্তানের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে গড়েন ১১৯ রানের জুটি। এই দুই ব্যাটারের জুটিতে চিন্তার ভাঁজ পড়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কপালে।
তবে অবশেষে চা বিরতির আগে ভাঙা গেছে সেই জুটি। তাইজুল ইসলামের বলে ৭৯ বলে ৫৯ রান করে আউট হয়েছেন রিজওয়ান। বড় শট খেলার প্রচেষ্টায় উইকেট থেকে বেরিয়ে এসে আকাশে ভাসিয়ে দেন বল। সহজ ক্যাচ তালুবন্দি করেন মাহমুদুল হাসান জয়।
এমএমআর