মৃত্যুঞ্জয়ে ৮০ রানেই থামলো বসুন্ধরা, টানা চতুর্থ জয় মোহামেডানের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:১০ পিএম, ১৩ মে ২০২৬

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজেকে ছাড়িয়ে গেলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এতকাল ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগে এ বাঁহাতি পেস বোলারের সেরা বোলিং স্পেল ছিল ৪১ রানে রানে ৫ উইকেট। আজ বুধবার সকালে বিকেএসপি ২ নম্বর মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজের ক্যারিয়ারের সেরা বোলিং স্পেলটি উপহার দিলেন মৃত্যুঞ্জয়।

আজ বুধবার বিকেএসপি ২ নম্বর মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষেই ২২ রানে ৬ উইকেট শিকার করলেন মৃত্যুঞ্জয়। এবং বলার অপেক্ষা রাখে না এবারের লিগের এখন পর্যন্ত এটা সেরা বোলিং নৈপুণ্য। মৃত্যুঞ্জয়ের সঙ্গে বল হাতে বিধ্বংসী রূপে ছিল পেসার সাইফউদ্দীন আর লেগস্পিনার রিশাদ হোসেনও। তারা দুজনই দুটি করে উইকেট পেয়েছেন। এই ৩ জনের সাঁড়াশি বোলিং আক্রমণে মাত্র ৮০ রানে অলআউট হয়েছে নুরুল হাসান সোহান ও অভিজ্ঞ জিয়ার দল বসুন্ধরা স্ট্রাইকার্স।

সর্বাধিক ২৯ রান আসে সোহানের ব্যাট থেকে। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব (১৪) ও আল আমিন জুনিয়র ( ১৯) দুাই অঙ্কে পা রাখতে সমর্থ হন শুধু। জাতীয় দলের ওপেনার সাইফ হাসান আউট হয়েছেন শূন্য রানে।

ওদিকে জয়ের জন্য ৮১ রানের অতি ক্ষুদ্র টার্গেট এর পিছু ধেয়ে দুই ওপেনার এনামুল হক বিজয় আর নাঈম শেখের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৮.১ ওভারে জয় তুলে নেয় মোহামেডান। বিজয় ২৮ বলে ৫০ আর নাঈম শেখ ২১ বলে ৩১ রানে অপরাজিত থেকে দলকে ১০ উইকেটের জয় উপহার দিয়ে মাঠে ছাড়েন।

আগের তিন খেলায় অনায়াসে জয় পাওয়া মোহামেডান এ নিয়ে এবারের লিগে টানা চতুর্থ জয় পেলো।

সংক্ষিপ্ত স্কোর

বসুন্ধরা স্ট্রাইকার্স: ৮০/১০, ২৩.৫ ওভার (ইমরানউজ্জামান ১, সাইফ হাসান ০, ফজলে রাব্বি ৭ আল আমিন জুনিয়র ১৯, নুরুল হাসান সোহান ২৯, আমিনুল ইসলাম বিপ্লব ১৪, জিয়া ৩, নাহিদ ২। মৃত্যুঞ্জয় চৌধুরী ৬/২২, সাইফউদ্দীন ২/১০, রিশাদ ২/৩০।

মোহামেডান: ৮৩/০, ৮.১ ওভার (এনামুল হক বিজয় ৫০*, নাইম শেখ৩১*)

এআরবি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।