বাংলাদেশের বিপক্ষে নীরবে বিশ্বরেকর্ড গড়লেন ৪০ ছুঁইছুঁই নোমান
পাঁচদিন দাপটের সঙ্গে খেলে বাংলাদেশ টেস্ট জিতেছে। মিরপুর টেস্টে পাকিস্তানকে হারিয়েছে ১০৪ রানে। বাংলাদেশের এই জয়ে ঢাকা পড়ে গেছে পাকিস্তানি বাঁহাতি স্পিনার নোমান আলির কীর্তি।
মঙ্গলবার শেরে বাংলায় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে ১০০ টেস্ট উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন নোমান।
মেহেদী হাসান মিরাজকে আউট করে এই মাইলফলক স্পর্শ করেন নোমান। এছাড়া নাজমুল হোসেন শান্ত এবং তাইজুল ইসলামের উইকেটও শিকার করেন বাঁহাতি এই স্পিনার।
টেস্টে ১০০ উইকেট শিকার করেছেন নোমান ৩৯ বছর ২১৭ দিন বয়সে। এটিই এখন টেস্টে কোনো বোলারের সবচেয়ে বেশি বয়সে ১০০ উইকেট শিকারের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল ইংল্যান্ডের স্পিনার ববি পিলের। ১৮৯৬ সালে ৩৯ বছর ১৮০ দিন বয়সে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।
নোমান এদিন যৌথভাবে পাকিস্তানের চতুর্থ দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। নিজের ২২তম টেস্ট ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি।
ইংল্যান্ডের জর্জ লহম্যান ১৬ টেস্টে ১০০ উইকেট নিয়ে দ্রুততম হিসেবে বিশ্বরেকর্ডটি দখলে রেখেছেন।
এমএমআর