দুই সতীর্থের মারামারির খবর বাইরে আসায় ক্ষুব্ধ পেরেজ
টানা দ্বিতীয় মৌসুম শিরোপাহীন রিয়াল মাদ্রিদ। সবশেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ২-০ ব্যবধানে হেরে নিশ্চিত হয়ে ট্রফিহীন আরও একটি মৌসুম। এর মাঝেই এল ক্লাসিকোর আগে দলের দুই খেলোয়াড় ফেদরিকো ভালভের্দে ও অরেলিয়েঁ চুয়ামেনির হাতাহাতির ঘটনায় দলের ভেতর চলা অশান্তির খবরও বাইরে চলে আসে।
এই খবর বাইরে ছড়িয়ে পড়া মোটেও পছন্দ করেননি রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তার মতে, ওই মারামারির চেয়েও অনেক বেশি খারাপ বিষয় হলো ঘটনাটি বাইরে ছড়িয়ে দেওয়া।
টানা দ্বিতীয় মৌসুম নামের প্রতি সুবিচার করতে পারেনি ক্লাবটি। কোপা দেল রে থেকে আগেই বিদায় নিশ্চিত হয় দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে হেরে। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারের পর চাকরিচ্যুত হন জাবি আলোনসো। আলভারো আরবেলোয়া দায়িত্ব নিলেও কোনো ভালো পায়নি ক্লাবটি। এল ক্লাসিকো হেরে লা লিগার শিরোপাও হয়েছে হাতছাড়া।
ছন্দে ফেরার আভাস দিলেও, সেটি দীর্ঘায়িত হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে হার, সেই ছন্দটা ভেঙে দেয়। সবশেষ গত রোববার বার্সেলোনার মাঠে ২-০ গোলে পরাজিত হয় আরবেলোয়ার দল এবং তিন রাউন্ড বাকি থাকতে লিগ শিরোপা ধরে রাখা নিশ্চিত করে কাতালান ক্লাবটি।
সেই ম্যাচের আগে বাইরে আসে ড্রেসিংরুমের অশান্তির খবর। এত দুই খেলোয়াড়কে জরিমানা করা হয়। সেই ঘটনায় সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের সম্মুখীন হন সভাপতি পেরেজ। তিনি বলেন, ‘আমার চোখে এটা ভয়ানক ব্যাপার এবং তারা এটাকে জনসম্মুখে নিয়ে এসেছে, যা আরও বেশি খারাপ।’
তিনি আরও বলেন, ‘এখানে আমি ২৬ বছর ধরে আছি এবং এমন কোনো বছর নেই যে, দুইজন খেলোয়াড় অথবা চারজন মারামারি করেনি। কিন্তু আমার মতে, এসব বাইরে ছড়িয়ে দেওয়াটাই বেশি খারাপ। এখানে আমার মেয়াদের সময়ে তারা প্রতি বছরই মারামারি করেছে। যেমনটা তরুণ ছেলেরা করে, একজন লাথি মারে, আরেকজন পাল্টা লাথি মারে এবং এরপর আবার তারা বন্ধু হয়ে যায়।’
যারা যে উদ্দেশ্যে ঘটনাটি বাইরে প্রকাশ করেছে, তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না, বললেন পেরেজ। তবে ভেতরের এমন ঘটনা এভাবে বাইরে ছড়িয়ে পড়ায় তিনি চিন্তিত, সেটি স্পষ্ট।
আইএন