টানা ব্যর্থতার খেসারত, মাত্র ৮ মাসেই বিদায় কোচ ফ্র্যাঙ্কের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশাজনক পারফরম্যান্সের জেরে টটেনহ্যাম হটস্পার প্রধান কোচ থমাস ফ্র্যাঙ্ককে বরখাস্ত করা হয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় লন্ডনের ক্লাবটি।

মাত্র আট মাস আগে দায়িত্ব নেওয়া ৫২ বছর বয়সী ফ্র্যাঙ্ককে বিদায় নিতে হলো এমন এক সময়ে, যখন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে টটেনহ্যাম অবস্থান করছে ১৬তম স্থানে। মঙ্গলবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের একাংশ ‘সকালে তোমাকে বরখাস্ত করা হবে’ স্লোগান দেয় এবং সাবেক কোচ মওরিসিও পচেত্তিনোর নামও ধ্বনিত হয়।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘পুরুষ দলের প্রধান কোচ পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব এবং থমাস ফ্র্যাঙ্ক আজই দায়িত্ব ছাড়ছেন। ২০২৫ সালের জুনে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং ভবিষ্যৎ গড়ার জন্য তাকে সময় ও সমর্থন দেওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। তবে সাম্প্রতিক ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে মৌসুমের এই পর্যায়ে পরিবর্তন আনা প্রয়োজন বলে বোর্ড মনে করেছে।”

ক্লাব আরও জানায়, দায়িত্ব পালনকালে ফ্র্যাঙ্ক সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্ব দেখিয়েছেন এবং ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানানো হয়েছে।

সূত্রের খবর, এখনো স্থায়ী কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি টটেনহ্যাম। প্রাথমিকভাবে একজন অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের সম্ভাবনাই বেশি। প্রধান নির্বাহী ভিনাই ভেঙ্কটেশাম ম্যাচের পরই মালিকপক্ষকে কোচ পরিবর্তনের সুপারিশ করেন।

টটেনহ্যামের সাম্প্রতিক পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। শেষ ১৭টি লিগ ম্যাচে তারা জিতেছে মাত্র দুটি, সংগ্রহ করেছে ১১ পয়েন্ট। টানা আট ম্যাচে জয়হীন থাকার এ ধারা ২০০৮ সালের অক্টোবরের পর তাদের দীর্ঘতম। বর্তমানে দলটি অবনমন অঞ্চলের মাত্র পাঁচ পয়েন্ট ওপরে রয়েছে, যা ক্লাবকে বড় ঝুঁকিতে ফেলেছে।

তবে ক্লাবের অভ্যন্তরীণ সূত্র জানায়, ফ্র্যাঙ্কের প্রতি কিছুটা সহানুভূতিও ছিল, কারণ দলের সমস্যাগুলোর অনেকটাই তার আগের সময় থেকে চলে আসছে। এছাড়া মৌসুমজুড়ে চোট-আঘাতের কারণে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না পাওয়া তার কাজকে আরও কঠিন করে তোলে।

ফ্র্যাঙ্কের অধীনে দলটি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে চতুর্থ হয়ে শেষ ষোলোতে উঠেছিল এবং মৌসুমের শুরুতে পিএসজির বিপক্ষে উয়েফা সুপার কাপ ফাইনালে অল্প ব্যবধানে হেরেছিল। তবে ঘরোয়া প্রতিযোগিতায় ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। লিগ কাপের চতুর্থ রাউন্ডে নিউক্যাসলের কাছে এবং এফএ কাপের তৃতীয় রাউন্ডে অ্যাস্টন ভিলার কাছে হেরে বিদায় নেয় টটেনহ্যাম। পুরো মৌসুমে লিগে ঘরের মাঠে তারা জিতেছে মাত্র দুটি ম্যাচ।

মাঠের বাইরেও অস্থিরতা দেখা গেছে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পরপরই অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে।

উল্লেখ্য, গত মৌসুমে অ্যাঞ্জে পোস্টেকোগলুর অধীনে টটেনহ্যাম লিগে ১৭তম হলেও ইউরোপা লিগ জিতে ১৭ বছর পর প্রথম শিরোপা ঘরে তোলে। কিন্তু সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি থমাস ফ্র্যাঙ্ক।

ড্যানিয়েল লেভি ক্লাবের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর নতুন মালিকানা কাঠামোর অধীনে এটিই টটেনহ্যামের প্রথম কোচ বরখাস্তের ঘটনা। এখন সবার নজর- কে হচ্ছেন স্পার্সের পরবর্তী কোচ এবং দলটি কি অবনমনের শঙ্কা কাটিয়ে উঠতে পারবে?

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।