টাকা’ই প্রধান সমস্যা রোনালদোর ক্লাব আল নাসরের: কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

মৌসুমের প্রথম ১০-১১ রাউন্ড টানা জয়ের ফরে আল নাসরই ছিল সৌদি প্রো লিগের শীর্ষে। এরপর হঠাৎ ছন্দপতন। টানা কয়েকটি ম্যাচ ড্র এবং হারের কারণে আল হিলালের চেয়ে অনেক পিছিয়ে পড়ে তারা। এরই মধ্যে আল ইত্তিহাদ ছেড়ে অন্য কোনো ক্লাবে যাওয়ার গুঞ্জন শুরু হয় করিম বেনজেমার। ক্রিশ্চিয়ানো রোনালদো চেয়েছিলেন তাকে আল নাসরে নিয়ে আসতে। কিন্তু অর্থ সঙ্কটের কারণে তা সম্ভব হয়নি। বেনজেমা যোগ দেন আল হিলালে।

এ নিয়ে বিরোধে জড়িয়ে আল নাসরের হয়ে দুটি ম্যাচও খেলেননি রোনালদো। এবার ক্লাবটির আর্থিক দুর্বলতার কথা স্বীকার করে নিলেন কোচ হোর্হে হেসুস। আল নাসরের প্রধান কোচ জানিয়েছেন, সৌদি প্রো লিগে বড় বাজেটের দল আল হিলালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাদের সীমিত আর্থিক সামর্থ্যের ঘাটতি অন্যভাবে পুষিয়ে নিতে হবে।

শনিবার আল-ফাতেহকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা আল হিলালের ওপর চাপ ধরে রাখে আল নাসর। এই ম্যাচের মাধ্যমে দলে ফিরেছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি আগের দুটি লিগ ম্যাচে খেলেননি।

হেসুস বলেন, ‘আমি আগে আল হিলালে কাজ করেছি, তাই তাদের অবস্থাটা ভালোভাবেই জানি। তাদের অর্থনৈতিক শক্তি বেশি। তখন আমি কোচ হিসেবে সেই সুবিধা পেয়েছি। এটা স্বাভাবিক। আল নাসরকে ভিন্ন সম্পদ নিয়েই শীর্ষস্থানের জন্য লড়াই করতে হবে। আমাদের শক্ত থাকতে হবে।’

২০২৪ সালে আল হিলালকে লিগ শিরোপা, কিংস কাপ ও সুপার কাপ জেতানোর পর গত গ্রীষ্মে বড় লক্ষ্য নিয়ে আল নাসরের দায়িত্ব নেন এই পর্তুগিজ কোচ। তার প্রধান লক্ষ্য ছিল দুই ক্লাবের মধ্যে শিরোপা ও পয়েন্টের ব্যবধান কমিয়ে আনা।

তিনি বলেন, ‘আমাকে আনা হয়েছে আল হিলাল ও আল নাসরের ব্যবধান কমানোর জন্য। আমরা সেই কাজটাই করছি। ক্লাবের কাঠামোর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। ধীরে ধীরে দল ভারসাম্যপূর্ণ হয়ে উঠছে।’

হেসুস আরও বলেন, ‘এটা শুধু মাঠের খেলোয়াড়দের বিষয় নয়, মাঠের বাইরের টিমও বিষয়টি বোঝে। আমরা জানি, আমাদের প্রতিপক্ষদের অর্থনৈতিক শক্তি বেশি। এটা ক্রীড়াশক্তির নয়, আর্থিক শক্তির লড়াইও।’

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দেওয়া ৪১ বছর বয়সী রোনালদো এখনো ক্লাবটির হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি। তবে গত দুই মৌসুমে তিনি সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। চলতি মৌসুমে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, আল আহলির ইভান টোনির চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে।

বর্তমানে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে আল নাসর, শীর্ষে থাকা আল হিলালের চেয়ে তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে। ২১ ম্যাচে আল হিলালের পয়েন্ট ৫৩ এবং আল নাসরের পয়েন্ট ৫২।

হেসুস বলেন, ‘আমরা শিরোপার লড়াইয়ে আছি, শীর্ষে থাকা দলের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। আগে আল নাসর ১৪ বা ১৬ পয়েন্ট পিছিয়ে থাকত। এবার আমরা সেটা হতে দিতে চাই না। শেষ পর্যন্ত শীর্ষস্থানের জন্য লড়াই করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।