একসঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ব্রিফিংয়ে নাহিদ ইসলাম ও আখতার হোসেনসহ এনসিপির অন্য নেতারা

এবার সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একসঙ্গে দুটি শপথ পড়ানোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় (প্রধান উপদেষ্টার বাসভবন) জুলাই সনদে স্বাক্ষর শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
 
আখতার বলেন, আমরা আজ জুলাই সনদে স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। এবারের নির্বাচন একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। আগামীকাল শপথ অনুষ্ঠিত হবে। আমরা এটা আশা করি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে এ দাবি রাখছি যে, আগামীকাল প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করবেন; তারপরেই জাতীয় সংসদ সদস্য হিসেবে তাদের যে শপথ সে শপথ তারা গ্রহণ করবেন এবং উভয় শপথ অবশ্যই একজন ব্যক্তি অর্থাৎ জুলাই জাতীয় সনদ যেভাবে হয়েছে, যিনি চিফ ইলেকশন কমিশনার আছেন তার নেতৃত্বেই তার হাত ধরেই আমরা জুলাই জাতীয় সনদের মতো করেই সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে যে শপথ সেটা আমরা গ্রহণ করবো।

তিনি বলেন, জুলাই সনদের কার্যকারিতার জায়গায় গণভোটের বিষয়গুলো নিয়ে একজনের অস্পষ্টতা ছিল। যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়েছে।  

তিনি আরও বলেন, সরকারের আহ্বানে আমরা নাহিদ ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরে এসেছিলাম। আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি এবং আমরা একটা শর্ত সাপেক্ষে সেখানে স্বাক্ষর করেছি। আমরা বলেছি যে নোট অব ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে নাহিদ ইসলাম এবং আমি আখতার হোসেন এই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করলাম।

আখতার আরও বলেন, জুলাই জাতীয় সনদ আমাদের জন্য একটা পাওয়া এই অর্থে যে, জুলাই জাতীয় সনদের মধ্যদিয়ে বাংলাদেশকে নতুন করে গড়বার একটা সুযোগ আমরা পেয়েছি। এটা একেবারেই মুক্ত একটা বাংলাদেশ। তার পুরোটা অর্জন করতে না পারলেও জুলাই সনদের মধ্যদিয়ে আমরা যতটুকু অর্জন করতে পেরেছি। সে অর্জনকে যেন আমরা পূর্ণমাত্রায় আমাদের ওপর পেতে পারি, বাংলাদেশ যেন জুলাই সনদের গুরুত্বপূর্ণ সুফল পেতে পারে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, আমরা আইন উপদেষ্টা এবং সংসদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলে অনানুষ্ঠানিকভাবে কথা বলে জেনেছি যে আগামীকাল দুটি শপথ অনুষ্ঠিত হচ্ছে। এটাই হওয়ার কথা। এটা গণভোটের আদেশে খুব সুস্পষ্টভাবেই লেখা আছে। যে যারা নির্বাচিত হবেন, নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদের সদস্য হবেন এবং সংস্কার পরিষদেরও সদস্য হবেন। একই সঙ্গে আগামীকাল দুইটা শপথ হবে; প্রথম শপথ সংসদ সদস্য হিসেবে শপখ নিবেন যারা জিতে এসেছেন এবং সেই একই ব্যক্তিরা সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন; একই সঙ্গে পরপর দুটি শপথ হবে; এরকমটাই আমরা জানি; গণভোটের আদেশে সেটাই লেখা আছে।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

এনএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।