ভিনিসিয়ুসকে ‘বানর’ বলা আর্জেন্টাইন ফুটবলারের নিষেধাজ্ঞা চান এমবাপে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। লিসবনের এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ।

ম্যাচের ৫০তম মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। গোল উদযাপনের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেন বেনফিকার তরুণ আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রিস্টিয়ান্সি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়ালের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘প্রেস্টিয়ান্নির আর কখনও চ্যাম্পিয়ন্স লিগে খেলা উচিত নয়। আমাদের এমন উদাহরণ তৈরি করতে হবে, যা শিশুদের জন্য সঠিক বার্তা বহন করে। কিছু বিষয় কখনও মেনে নেওয়া যায় না।’

এমবাপে আরও দাবি করেন, প্রেস্টিয়ান্নি ভিনিসিয়ুসকে একাধিকবার ‘বানর’ বলে সম্বোধন করেছেন। তার ভাষায়, ‘সে পাঁচবার এই শব্দটি ব্যবহার করেছে। ক্যামেরায় সব দেখা যাবে। সে মুখ ঢাকার চেষ্টা করেছে, কিন্তু সত্য লুকানো যায় না।’

এমবাপে জানান, রিয়াল মাদ্রিদের পুরো ড্রেসিংরুম ভিনিসিয়ুসের পাশে রয়েছে। তিনি বলেন, ‘আমরা কখনও ভিনিকে একা ছেড়ে দেব না। সে যা সিদ্ধান্ত নেবে, আমরা দল হিসেবে তার পাশে থাকব।’

তবে এমবাপে স্পষ্ট করে দেন, তার মন্তব্য বেনফিকা ক্লাবের বিরুদ্ধে নয়। তিনি বেনফিকাকে ইতিহাসের অন্যতম সেরা ক্লাব হিসেবে উল্লেখ করেন, কিন্তু প্রেস্টিয়ান্নির আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন।

ঘটনাটি নিয়ে এখন নজর রয়েছে উয়েফার দিকে। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে তদন্ত করে কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।