চ্যাম্পিয়ন হয়েই শীর্ষ লিগে চট্টগ্রাম সিটি এফসি, সঙ্গী সিটি ক্লাব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২০ পিএম, ২৭ এপ্রিল ২০২৬

প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল লিগে খেলা আগেই নিশ্চিত করেছিল চট্টগ্রাম সিটি এফসি। দলটির লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। সোমবার সেই লক্ষ্যও পূরণ করেছে প্রথমবারে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ খেলতে আসা চট্টলার দলটি।

বসুন্ধরা স্পোর্টস গ্রাইন্ডে অনুষ্ঠিত ম্যাচে ওয়ারি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে তারা। ১৬ ম্যাচে চট্টগ্রাম সিটি এফসির পয়েন্ট ৩৯।

চ্যাম্পিয়নশিপ লিগ থেকে দুটি দল উঠেছে বাংলাদেশ ফুটবল লিগে। চট্টগ্রাম সিটি এফসির চ্যাম্পিয়ন হওয়ার দিনে রানার্সআপ নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল লিগে নাম লিখিয়েছে সিটি ক্লাব। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে খেলবে। সিটি ক্লাবকে গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ শেষ করতে হয়েছিল তিনে থেকে। এবার স্বপ্নপূরণ হলো তাদের।

১৬ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট সিটি ক্লাবের। সোমবার গাজীপুরে তারা ১–০ গোলে বিআরটিসির কাছে হারলেও তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

আর কোনো দলেরই সিটি ক্লাবকে টপকানো সম্ভব না। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিশ্চি হওয়ার পর চ্যাম্পিয়নশিপ লিগের বাকি ম্যাচগুলো শুধুই আনুষ্ঠানিকতা। চট্টগ্রাম আবাহনীর অবনমন নিশ্চিত হয়েছে। ওয়ারি ক্লাব ও লিটল ফ্রেন্ডসের মধ্যে অবনমন এড়ানোর লড়াইটা রয়ে গেছে।

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।