জাভির চোখে মেসির পর নেইমারই সেরা, বিশ্বকাপে ফেবারিট ব্রাজিল
স্প্যানিশ ফুটবলের কিংবদন্তি মিডফিল্ডার ও সাবেক কোচ জাভি হার্নান্দেজ আবারও আলোচনায়। এবার ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ঘিরে তার মূল্যায়ন ও ২০২৬ বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়ে আলোচনায় এলেন তিনি। বার্সেলোনায় একসময়কার সতীর্থ এই দুই তারকা মাত্র দুই মৌসুম (২০১৩-২০১৫) একসঙ্গে খেললেও তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। ওই সময় তারা জিতেছিলেন চ্যাম্পিয়ন্সি লিগ, স্প্যানিশ লা লিগা, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ।
সম্প্রতি ব্রাজিলের কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে জাভি স্মৃতিচারণ করেছেন বার্সায় নেইমারের শুরুর দিনগুলো নিয়ে। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে প্রথম সপ্তাহে নেইমারকে দেখে মনে হয়েছিল- মেসির সবচেয়ে কাছাকাছি কেউ যদি থাকে, তবে সে-ই। ২১ বছর বয়সে বার্সায় যোগ দেওয়ার সময় তার মতো মেসির কাছাকাছি আর কাউকে দেখিনি।’ এখানে তিনি স্পষ্টতই তুলনা টানেন লিওনেল মেসির সঙ্গে।
বার্সেলোনায় নিজের সময়টাও ব্যাখ্যা করেছেন জাভি। তার নিজের ভাষায়, তিনি মাঠে খেলার গতি নিয়ন্ত্রণ করতেন, আর নেইমার ছিলেন সেই খেলোয়াড়, যিনি ডিফেন্স ভেঙে আক্রমণ শেষ করতেন। সেই আক্রমণভাগে আরও ছিলেন মেসি ও লুইস সুয়ারেজ- যা ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ংকর ত্রয়ী হিসেবে বিবেচিত ছিল।
কোচ হিসেবে দায়িত্বে থাকাকালীন সময়েও নেইমারকে আবার দলে ফেরাতে চেয়েছিলেন জাভি। তবে আর্থিক সীমাবদ্ধতা ও ফিনান্সিয়াল ফেয়ার প্লে নীতির কারণে সেটি সম্ভব হয়নি। তিনি জানান, ক্লাবের অর্থনৈতিক অবস্থা তখন বড় বাধা হয়ে দাঁড়ায়।
বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলা নেইমার লড়াই করছেন জাতীয় দলে জায়গা ফিরে পেতে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির আস্থা অর্জন করে ২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্য তার সামনে। তবে ইনজুরি ও ম্যাচ ফিটনেসের ঘাটতি তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্চে ব্রাজিল জাতীয় দলের ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে জায়গা পাননি তিনি। ওই সময় ইনজুরি কাটিয়ে উঠতে প্লাটিলেট-রিচ প্লাজমা থেরাপিও নিয়েছেন, যাতে দ্রুত ফিট হয়ে মাঠে ফেরা যায়।
বিশ্বকাপ প্রসঙ্গে জাভি বেশ আশাবাদী ব্রাজিলকে নিয়ে। তার মতে, ‘তারা চ্যাম্পিয়ন হতে পারে। প্রথমত, আনচেলত্তি এমন একজন কোচ, যিনি খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স বের করে আনতে পারেন। দ্বিতীয়ত, বিশ্বকাপে ব্রাজিল সবসময়ই শক্তিশালী দল।’ ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ-২০২৬ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।
নিজের ফেভারিট তালিকায় জাভি ব্রাজিল ছাড়াও রেখেছেন স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও পর্তুগালকে। পাশাপাশি ইংল্যান্ডকেও সম্ভাব্য চমক হিসেবে উল্লেখ করেছেন। তবে জার্মানিকে তিনি আগের মতো শক্তিশালী মনে করছেন না। স্পেন সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের জার্সিতে দ্বিতীয় তারকা যোগ হলে দারুণ হবে। আমরা এমন একটি দেশ, যেখানে ফুটবল শ্বাস-প্রশ্বাসের মতো।’
ভবিষ্যতে ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি জাভি। তার ভাষায়, ‘কেন নয়? আমি ক্লাব কিংবা জাতীয় দল- যেকোনো বড় প্রজেক্টের জন্য প্রস্তুত। ব্রাজিল ফুটবলের আঁতুড়ঘর, বড় কিছু জেতার সুযোগ থাকলে আমি আগ্রহী।’
অন্যদিকে নেইমার বিশ্রামের জন্য সাম্প্রতিক এক ম্যাচে না খেললেও ২৮ তারিখে আর্জেন্টিনায় সান লোরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানা ম্যাচে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আর ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে ১৮ মে- যেখানে শেষ পর্যন্ত নেইমারের নাম থাকে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।
আইএইচএস/