গালের হাড়ে চোট, অস্ত্রোপচার করাবেন মদরিচ
বাম গালের হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করতে যাচ্ছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদরিচ। এমনটাই জানিয়েছে তার ক্লাব এসি মিলান। ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার তার পঞ্চম ফিফা ফুটবল বিশ্বকাপ খেলার প্রস্তুতির মাঝেই এই চোটে পড়লেন।
গত রোববার জুভেন্টাসের মিডফিল্ডার মানুয়েল লুকাতেল্লির সঙ্গে হেডের সময় সংঘর্ষে এই চোট পান তিনি। সান সিরোতে হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচের শেষ ১০ মিনিট বাকি থাকতে মাঠ ছাড়েন মদরিচ।
ব্যথায় থাকলেও তিনি বেঞ্চে বসে ম্যাচ শেষ করেন, তবে পরে পরীক্ষায় জানা যায় তার অস্ত্রোপচার প্রয়োজন।
লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা মিলান, শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে পিছিয়ে ১২ পয়েন্ট। মৌসুমের বাকি ম্যাচগুলোতে মদরিচের খেলা অনিশ্চিত। তবে বিশ্বকাপের আগে সুস্থ হলে তাকে বিশেষ সুরক্ষামূলক মাস্ক পরে খেলতে হতে পারে।
১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়া গ্রুপ পর্বে ইংল্যান্ড, ঘানা এবং পানামার মুখোমুখি হবে।
আইএন