ব্রাজিলিয়ান লিগে বিরল দৃশ্য, ঘাস ফুলে ওঠায় বন্ধ খেলা
এক বিরল ঘটনা ঘটেছে ব্রাজিলের নারী ফুটবল লিগে। যা কিনা চমকে দিয়েছে দর্শকদের। ফ্লুমিনেন্স ও মিক্সটোর ম্যাচে অদ্ভুতভাবে মাঠের ঘাস ফুলে ওঠায় খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
কুইয়াবার ইউরিকো গাসপার ডুটরা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ফ্লুমিনেন্সে ২-০ ব্যবধানে জয় পেলেও, ম্যাচের ফলাফলের চেয়েও আলোচনার বিষয় হয়ে ওঠে মাঝখানের ওই অস্বাভাবিক ঘটনাই।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার মাত্র ৫০ সেকেন্ড পর খেলোয়াড়রা মাঠের ওপর এক ধরনের ‘বাবল’ বা পায়ের নিচ থেকে কিছু একটা ফুলে উঠছে লক্ষ্য করেন খেলোয়াড়রা। এই অবস্থা দেখে দুই দলের খেলোয়াড়রাই সেই ফুলে ওঠা জায়গায় লাফিয়ে সেটি ঠিক করার চেষ্টা করেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।
পরিস্থিতি দেখে রেফারি খেলা সাময়িকভাবে বন্ধ করে দেন এবং মাঠকর্মীদের ডাকা হয়। কয়েকবার মেরামতের পর সমস্যার সমাধান হলে খেলা আবার শুরু হয়।
অদ্ভুত এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। যদিও এই ‘বাবল’ তৈরির সঠিক কারণ নিশ্চিত নয়, ধারণা করা হচ্ছে মাঠের নিচে বাতাস বা পানির চাপ জমে এমনটা হতে পারে।
ম্যাচে কেকে ও লেলে গোল করে ফ্লুমিনেন্সেকে জয় এনে দেন, আর এই জয়ে তারা পয়েন্ট টেবিলে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে।
আইএন