বরিশালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৮ এপ্রিল ২০২৬

বরিশালে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হাসপাতাল সূত্র জানায়, মৃত দুই শিশুর একজন বরিশালের বানারীপাড়া উপজেলার চারমাস বয়সী হুজাইফা এবং অপরজন বরগুনার তালতলী উপজেলার ১৩ মাস বয়সী আবদুল্লাহ। তারা হাম উপসর্গ নিয়ে ভর্তি ছিলো এবং সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ রোগী হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৬৩ জন। একই সময়ে ৩১ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২ রোগী চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, মার্চ মাসে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করলেও বর্তমানে তা কিছুটা কমতির দিকে রয়েছে। তবে রোগীর চাপ এখনো অব্যাহত রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হামের চিকিৎসা ও প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং টিকার কোনো সংকট নেই।

শাওন খান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।