আইসিসিকে নিয়ন্ত্রণ করে ভারতের বোর্ড: হারমার
বরাবরই ক্রিকেটে ভারতের দাদাগিরি নিয়ে আলোচনা ও সমালোচনা চলমান। সব দেশের ক্রিকেটাররাই মনে-মনে এমনটা মানলেও মুখ ফুটে খুব একটা বলেন না যদিও। তবে অবসরে যাওয়ার পর অনেকেই মুখ খোলেন।
তবে দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হারমার খেলোয়াড়ি জীবন চলাকালীন দাবি করলেন, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে নিয়ন্ত্রণ করে বিসিসিআই।
দক্ষিণ আফ্রিকার স্পিনারের দাবি, কেবল মাঠের পারফরম্যান্সেই ভারতের আধিপত্য নয়। তাদের বিশাল বাণিজ্যিক ও প্রশাসনিক শক্তির ওপর নির্ভরশীল। কিছুটা আক্ষেপ করেই বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পরও সেভাবে কোনো পরিবর্তন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে আসেনি।
গত বছর লর্ডসে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে হারমার বলেন, ‘ভারতের বাণিজ্যিক শক্তির কারণেই সব ক্ষমতা তাদের হাতে। বিসিসিসিআই-ই আইসিসিকে নিয়ন্ত্রণ করে। তবে খেলোয়াড় হিসেবে আমরা কেবল নিজের কাজটাই করতে পারি। শিরোপা জিতলেই কেবল এই বয়ান বদলানো সম্ভব।’
দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের নিয়মিত মুখ হারমার। দল নিয়ে সন্তুষ্ট হারমার। এই প্রসঙ্গে হারমার বলেন, ‘আমাদের এই দল অংশগুলোর যোগফলের চেয়েও বড়। এখানে মাত্র কয়েকজন সুপারস্টার থাকলেও সবাই মিলে শক্তিশালী ইউনিট তৈরি করেছে।
কোচ কনরাডের মনোভাবের প্রশংসা করে তিনি বলেন, ‘কোচ সরাসরি কথা বলেন, এটা আমি পছন্দ করি।’
আইএন/এমএস