বিশ্বকাপের আগে জ্বলে উঠলেন নেইমার, প্রশংসায় ভাসালেন কোচ
দীর্ঘদিন পর আবারও আলো ছড়াতে শুরু করেছেন নেইমার। ঠিক বিশ্বকাপের দল ঘোষণার আগে তার দুর্দান্ত পারফরম্যান্সের ফলে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন সান্তোস কোচ কুকা। রোববার লিগ ম্যাচে রেড বুল ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ গোলের ম্যাচে গোল করে দলের জয়েও বড় ভূমিকা রাখেন নেইমার।
৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড ম্যাচের প্রথম গোলটি করেন। পরে দ্বিতীয়ার্ধে তাকে বদলি করা হলে গ্যালারিতে উপস্থিত সমর্থকরা দাঁড়িয়ে অভিবাদন জানান।
ম্যাচ শেষে সান্তোস কোচ কুকা বলেন, ‘নেইমার খুব ভালো খেলেছে। সে বল ধরে রেখেছে, সুযোগ তৈরি করেছে এবং অসাধারণ কিছু মুভ করেছে। দারুণ একটি গোল করেছে এবং দ্বিতীয় গোলেও পরোক্ষ অবদান রেখেছে। সত্যিই খুব ভালো ম্যাচ খেলেছে সে। ক্লান্ত হয়ে পড়লে পরে গ্যাব্রিয়েল বারবোসাকে নামানো হয়।’
জয়ের পর নিজের অনুভূতিও প্রকাশ করেন নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোএসপোর্তেকে তিনি বলেন, ‘গোল করতে পেরে, দলকে সাহায্য করতে পেরে এবং জিততে পেরে আমি খুব খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জয়। আমরা অনেকদিন ধরে জিততে পারছিলাম না।’
২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে বাঁ হাঁটুর এসিএল ও মেনিসকাসে গুরুতর চোট পান নেইমার। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। ইনজুরির কারণে তার ফিটনেস ও ফর্ম নিয়ে প্রশ্নও উঠেছিল।
তবে বিশ্বকাপের আগে আবার নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সামনে আরও দুটি ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।
মাঝ সপ্তাহে কোপা দো ব্রাজিলে করিতিবার মুখোমুখি হবে সান্তোস। এরপর রোববার লিগেও একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে তারা। আর তার একদিন পরই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ঘোষণা করবেন ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড।
চতুর্থ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখা নেইমারের জন্য তাই সামনে থাকা দুটি ম্যাচই হতে পারে অনেক বড় পরীক্ষা।
আইএইচএস/