বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
আগার চ্যালেঞ্জ, আশরাফুল বললেন জিততে পারে বাংলাদেশ
বৃষ্টির উপদ্রব বেড়েছে অনেক। মে মাসে এত বৃষ্টি কে দেখেছে কবে? বৈশাখ শেষ না হতেই প্রায় প্রতিদিন ভারি বর্ষণ সচরাচর দেখা যায় না; কিন্তু এবার তাই হচ্ছে। প্রায় প্রতিদিনই একবেলা বৃষ্টি হচ্ছে। আর তাতেই চরমভাবে বিঘ্ন ঘটছে মিরপুরে চলমান ঢাকা টেস্টে।
প্রথম দু’দিন মোটামুটি নির্বিঘ্নে খেলা হলেও তৃতীয় দিন থেকে বৃষ্টির বাগড়ায় মিরপুর টেস্ট। গত দু’দিনে গড়পড়তা প্রায় ৪০ থেকে ৫০ ভাগ সময় খেলা হয়নি। তাতে করে ম্যাচের ফল নিষ্পত্তির সম্ভাবনাও কমে যাচ্ছে।
আজ সোমবার চতুর্থ দিন শেষে ঢাকা টেস্টের যে অবস্থা তাতে করে জয়-পরাজয় নির্ধারিত হবে কি না, তা নিয়ে জেগেছে সংশয়। চতুর্থ দিন শেষে বাংলাদেশ এগিয়ে ১৭৯ রানে।
কাল মঙ্গলবার পঞ্চম ও শেষ দিন কী হতে পারে? তা নিয়েই রাজ্যের জল্পনা, কল্পনা। বাংলাদেশ কি এখান থেকে জিততে পারবে? জিততে হলে টাইগারদের কী করতে হবে? কত রানে লিড নিতে পারলে শান মাসুদের পাকিস্তানকে হারানো সম্ভব হবে?
এসব প্রশ্ন উঁকি দিচ্ছে টাইগার সমর্থকদের মনে। আজ চতুর্থদিন খেলা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও ঘুরে-ফিরে ওপরের প্রশ্নগুলোই উঠলো। সংবাদ সম্মেলনে কথা বলতে আসা বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের কথা শুনে মনে হলো, তিনি এখনো জয়ের ব্যাপারে আশাবাদি। তার ধারণা, খেলার এ অবস্থা থেকেও জিততে পারে বাংলাদেশ।
জিততে হলে টাইগারদের কি করতে হবে? এ প্রশ্নের জবাবে টাইগারদের ব্যাখ্যা, ‘পঞ্চম ও শেষ দিন বাংলাদেশ যদি ৭০ থেকে ৭৫ ওভার সময় হাতে রেখে ২৬০ বা তার বেশি রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে, তাহলে হয়তো পাকিস্তানিদের হারিয়ে প্রথম টেস্ট জেতা সম্ভব হবে।’
সরাসরি আশরাফুলের কথার বিরোধিতা না করলেও পাকিস্তানের আগা সালমান খুব কৌশলে কুটনৈতিক ভাষায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আশরাফুলকে। এ পাকিস্তানি অলরাউন্ডারের কথা, ‘আমি বলছি না যে, তারা (বাংলাদেশ) এখান থেকে হাত খুলে খেলে আমাদের ২৬০ প্লাস রানের টার্গেট দিতে পারবে না। পারবে। তবে যেটা বলা হয়েছে, তা হয়ত হবে না।’
আগা সালমান বোঝানোর চেষ্টা করলেন, ‘বাংলাদেশ ব্যাটিং কোচ যতই বলুন না কেন যে, ৭০ ওভারে আমাদের (পাকিস্তানকে) ২৬০ প্লাস টার্গেট ছুঁড়ে দেয়া হবে। আমার মনে হয় বাংলাদেশ আরও সেফ খেলতে চেষ্টা করবে। মানে আমাদের বড়জোর ৫০ ওভার ব্যাট করার সুযোগ দিতে পারে।’
মোটকথা, আগা সালমান মনে করেন না যে, বাংলাদেশ নিজেরা ঝুঁকি নিয়ে পাকিস্তানকে হারাতে ৭০ ওভারে আড়াইশোর আশপাশে টার্গেট ছুঁড়ে দিতে পারে। তার ধারণা, রানের অংকটা সমান থাকলেও সময়টা অত থাকবে না। বাংলাদেশ হয়ত কাল মঙ্গলবার প্রথম সেশনের পুরো সময় ব্যাট করতে চাইবে। তখন লাঞ্চের পরে ২ সেশনে ৬০ ওভারের বেশি হয়ত খেলা হবে না। কাজেই তখন আমাদের জন্য কাজটা কঠিন হয়ে পড়বে।
আগা সালমান বোঝানোর চেষ্টা করলেন, ৭০ ওভারে ২৬০ রানের টার্গেট হলে তার দল (পাকিস্তান) জয়ের সর্বাত্মক চেষ্টা করবে; কিন্তু সেই টার্গেটটা ৫০ ওভারে নেমে এলে তারা আর ঝুঁকি নেবে না। সেটা করাও অনেক কঠিন হবে।
এআরবি/আইএইচএস