২২ বছরের অপেক্ষা ঘোচানোর খুব কাছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৯ মে ২০২৬

কাই হাভার্টজের প্রথমার্ধের গোলটাই যথেষ্ট হয়ে যায় বার্নলিকে হারানোর জন্য। আর এই জয়ে শিরোপার একেবারেই কাছে চলে এসেছে আর্সেনাল।

গতকাল সোমবার রাতে এমিরেটস স্টেডিয়ামে অবনমন নিশ্চিত হওয়া ১-০ গোলে হারিয়েছে গানার্সরা।

গোল করে ম্যাচ জেতালেও হাভার্টজ ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। লাল কার্ডের ঝুঁকিতে পড়েন তিনি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পর্যালোচনা করে পর লেসলি উগোচুকউর ওপর তার দেরিতে করা ট্যাকলকে লাল কার্ডের মতো গুরুতর মনে না হওয়ায় হলুদ কার্ডই বহাল রাখা হয়।

বার্নলিকে হারিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল আর্সেনাল। যদিও পেপ গার্দিওলার দলের হাতে এখনও দুটি ম্যাচ বাকি আছে এবং আজ তারা খেলবে বোর্নমাউথের বিপক্ষে।

সিটিজেনরা যদি বোর্নমাউথের বিপক্ষে পয়েন্ট হারায়, তাহলে আর্সেনালই হয়ে যাবে নতুন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ম্যাচে আক্রমণাত্মক একাদশ নামান এবং শুরু থেকেই আধিপত্য দেখিয়েই খেলে তার দল। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৭ মিনিট পর্যন্ত। বুকায়ো সাকার নেওয়া কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন হাভার্টজ।

এর আগে লিয়েনার্দো ট্রোসার্ডের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। আর সাকা ডান প্রান্ত দিয়ে দুর্দান্তভাবে ঢুকে ক্রস করলেও সেটি গোলমুখে কাউকে খুঁজে পায়নি।

এই জয়ে ২২ বছর পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের খুব কাছাকাছি চলে গেল আর্সেনাল।

এমনকি ম্যানচেস্টার সিটি যদি বোর্নমাউথকে হারিয়েও দেয়, তাহলেও রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন হবে আর্তেতার দল।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।