বেনফিকার দাবি

ভিনিসিয়ুসকে বর্ণবাদী গালি দেওয়ার কথা স্বীকার করেননি প্রেস্টিয়ান্নি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

পর্তুগিজ ক্লাব বেনফিকা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে যে, তাদের খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি সতীর্থদের কাছে স্বীকার করেছেন তিনি ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী গালি দিয়েছিলেন।

পর্তুগিজ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আর্জেন্টাইন উইঙ্গার প্রেস্টিয়ান্নি নাকি ড্রেসিংরুমে নিজের দোষ স্বীকার করেছেন। তবে ক্লাব এক বিবৃতিতে জানায়, বেনফিকা দৃঢ়ভাবে অস্বীকার করছে যে খেলোয়াড় প্রেস্টিয়ান্নি দল বা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিউস জুনিয়রকে বর্ণবাদী অপমান করেছেন। তিনি ম্যাচের ঘটনাকে ঘিরে সতীর্থদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু শুরু থেকেই তিনি দাবি করে আসছেন যে তিনি বর্ণবাদী নন।

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে এই বিতর্কিত ঘটনা ঘটে। অভিযোগ ওঠার পর প্রেস্টিয়ান্নিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং তিনি দ্বিতীয় লেগে খেলতে পারেননি।

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে জানান, প্রেস্টিয়ান্নি কমপক্ষে পাঁচবার ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে গালি দিয়েছেন। তিনি দাবি করেন, বেনফিকার আরও কয়েকজন খেলোয়াড় তা শুনেছেন।

এদিকে, এক প্রতিবেদনে বলা হয়েছে যে প্রেস্টিয়ান্নি উয়েফা তদন্তকারীদের কাছে দাবি করেছেন, তিনি বর্ণবাদী নন বরং সমকামীবিদ্বেষী (অ্যান্টি-গে) মন্তব্য করেছিলেন। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।