হারা ম্যাচে সাতবার র‍্যাকেটের আছাড়, জরিমানা মেদভেদেভের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ এএম, ১৫ এপ্রিল ২০২৬

মোনাকোতে অনুষ্ঠিত মন্টে কার্লো মাস্টার্স টুর্নামেন্টে আচরণবিধি ভঙ্গের জন্য জরিমানা গুনতে হয়েছে রাশিয়ার টেনিস তারকা দানিল মেদভেদেভকে।

ম্যাচ চলাকালীন হতাশা থেকে নিজের র‍্যাকেট সাতবার মাটিতে আছড়ে ফেলেন তিনি। প্রথম আটটি গেম হেরে যাওয়ার পর ক্ষোভ সামলাতে না পেরে বারবার র‍্যাকেট ছুড়ে মারেন এবং শেষে সেটি পুরোপুরি নষ্ট হয়ে গেলে ডাস্টবিনে ফেলে দেন।

ইতালির খেলোয়াড় মাতিও বেরেত্তিনির কাছে ৬-০, ৬-০ সেটে হেরে যান মেদভেদেভ, যা তার ক্যারিয়ারে প্রথম ‘ডাবল ব্যাগেল’ পরাজয়।

দ্বিতীয় সেটে যখন মেদভেদেভ ০-২ গেমে পিছিয়ে, তখনই বেসলাইনের ধারে র‍্যাকেটট ভাঙেন তিনি। সেটা দেখে দর্শকেরা বিদ্রুপও করেন তাকে।

ঘটনার পর মেদভেদেভকে ৬,০০০ ইউরো (প্রায় ৫,২২২ পাউন্ড) জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন।

উল্লেখ্য, টুর্নামেন্টে সপ্তম বাছাই হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমে মেদভেদেভ মোট ৪৫,৫২০ ইউরো (প্রায় ৩৯,৬১৮ পাউন্ড) পুরস্কার অর্থ পেয়েছেন, যার প্রায় এক-সপ্তমাংশ জরিমানা হিসেবে কাটা গেছে।

বেরেত্তিনির র‌্যাঙ্কিং ৯০। ওয়াইল্ড কার্ড হিসাবে সুযোগ পেয়েছেন এই ইটালিয় খেলোয়াড়। তার সামনেই খেই হারালেন মেদভেদেভ। সেই কারণেই হয়তো আরও বেশি মেজাজ হারান তিনি।

৪৯ মিনিটে খেলা জিতে বেরেত্তিনি বলেন, ‘আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি মেদভেদেভকে হারিয়ে দেব। এই ধরনের ঘটনা তো খুব বেশি ঘটে না। এখনও ঘোর কাটছে না।’

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।