তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার জয়


প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫

ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার হোবার্টে ৩০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৬টি চার ও একটি ছয়ে ৯৫ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন স্মিথ।

রান তাড়া করতে নেমে অ্যারন ফিঞ্চ ও শন মার্শের ব্যাটে শুরুটা ভালো করে অস্ট্রেলিয়া। ৩২ রান করে ফিঞ্চ আউট হওয়ার আগে উদ্বোধনী জুটিতে ৭৬ রান করে তারা।

৩৮ বলে ৩৭ রান করা ম্যাক্সওয়েলের সঙ্গে চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়েন স্মিথ। এরপর ফকনারের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে গড়েন ৫৫ রানের জুটি। ফকনার আউট হন ৪৩ বলে ৩৫ রান করে।

১০.১ ওভার স্থায়ী জুটিতে ষষ্ঠ উইকেটে স্মিথের সঙ্গে ৮১ রান তুলে হ্যাডিনের আউটের পর মোইসেস হেনরিকসও দ্রুত ফিরে গেলে ম্যাচে কিছুটা নাটকীয়তা এসেছিল। তবে স্ট্যার্ককে নিয়ে ম্যাচটি নিজেদের দিকেই রাখেন স্মিথ।

আউট হওয়ার আগে ৪টি চার ও একটি ছয়ে ২৯ বলে ৪২ রান করেন হ্যাডিন। ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস, মইন আলি ও ফিন ২টি করে উইকেট নেন।

এর আগে ইংল্যান্ড বড় সংগ্রহ দাঁড় করাতে পারে ওয়ানডেতে ইয়ান বেলের ক্যারিয়ার সেরা ইনিংসের কল্যাণে। ১২৫ বলে ১৪১ রানের ইনিংসটি ১৫টি চার ও একটি ছয়ে সাজান তিনি। ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান করেন জো রুট। মইন আলি করেন ৪৬ রান। এ ছাড়া বড় ইনিংস আর কেউ খেলতে পারেননি বলেই ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ৫০ ওভারে ৩০৩ রানের বেশি হয়নি।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন ভারতীয় বংশোদ্ভুত পেসার গুরিন্দার সিং সান্ধু। একটি করে উইকেট পান মিচেল স্ট্যার্ক, প্যাট কামিন্স, ফকনার ও হেনরিকস।

ত্রিদেশীয় সিরিজে এই নিয়ে নিজেদের তিন ম্যাচের তিনটিতেই জিতল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের এটি তিন ম্যাচে দ্বিতীয় হার। আর সিরিজের অপর দেশ ভারত দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। ম্যাচে স্মিথ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

-এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।