বঙ্গবন্ধু গোল্ডকাপের পর্দা উঠছে কাল
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে বৃহস্পতিবার। সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচকে ঘিরে দুই দলের লক্ষ্য অভিন্ন। জয়ের বাইরে অন্য কিছু নেই তাদের ভাবনায়, অনুশীলন শেষে দুই অধিনায়কই বললেন এমনটা।
প্রায় দুই ঘণ্টা অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম। প্রথম ম্যাচ নিয়ে দলের প্রত্যাশার কথা জানাতে গিয়ে বললেন, ভালো ফলাফলের জন্য সবচেয়ে জরুরি টিমওয়ার্ক। সেটা এবার আমাদের বেশ ভালো। এখন মাঠে তার সফল প্রয়োগ হলেই আমরা প্রত্যাশা অনুযায়ী ফল পাব।
গত বছর সিলেটে নেপালের বিপক্ষে ম্যাচের ফলাফলকে মনে করতে চান না মামুনুল। বললেন, শেষবার সিলেটে যে খেলা হয়েছে সেটার যেন পুনরাবৃত্তি না হয়, সেই চেষ্টা আমাদের থাকবে। আমরা কথা দিয়েছি সেমিফাইনাল পর্যন্ত অন্তত যাব। সেই কথা রাখারও চেষ্টা করব।
সিলেটে নেমেই বাংলাদেশের অধিনায়ক বলেছিলেন, দর্শক সমর্থন তাঁদের বাড়তি শক্তি জোগাবে। অথচ সিলেটে নেপালের বিপক্ষে ম্যাচে হেরে যাওয়ার পর এই দর্শক উপস্থিতির কাঁধে পরোক্ষ দায় চাপিয়ে অধিনায়ক ও কোচ বলেছিলেন, দর্শকদের চাপ তাঁরা নিতে পারেননি। এ বিষয়ে জানতে চাইলে মামুনুল বলেন, ওই দিনের ঘটনা একটু ভিন্ন। সেই ম্যাচের আগে আমরা ওয়ার্মআপ শেষ করে প্রায় ৩০-৩৫ মিনিট মাঠে দাঁড়িয়েছিলাম। ফলে স্পিডটা নষ্ট হয়ে গিয়েছিল। এবার আর সেই সমস্যা হবে না। দলের সিনিয়র সদস্য জাহিদ হাসান এমিলি বলেন, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়া বাকিদের মূল দল নয়, খেলবে অলিম্পিক দল। এদিক থেকে আমাদের ভালো সুবিধা আছে। মালয়েশিয়ার বিপক্ষে আমরা জিতব ইনশাল্লাহ।
এদিকে মালয়েশিয়ার কোচ মোহাম্মদ রাজি বিন ইসমাইল হেসে বললেন, আমাদের পরিকল্পনা ম্যাচ জয় করা। তার পরই মুখে গাম্ভীর্য ফুটিয়ে বললেন, আমাদের প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয় দল, তার ওপর তারা স্বাগতিক। সবচেয়ে বড় বিষয় তারা শক্তিশালী দল। তবে আমার দলের ছেলেরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে জেতার চেষ্টা করবে।
এএইচ/আরআই