১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড
আফগানিস্তানের দেওয়া ১৮৭ রানের সহজ লক্ষ্যে এখন ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩ ওভার শেষে বিনা উইকেটে ২০ রান।
ন্যাপিয়েরের ম্যাকলিন পার্কে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানেই দুই ওপেনার জাভেদ ও উসমানকে হারায় আফগানিস্তান। এরপর ভেট্টোরি ও বোল্টের বিধ্বংসী বোলিং-এর শিকার হয়ে একে একে সাজঘরে ফেরেন আসগর,নওরোজ,নবী ও আফসার। এদের মধ্যে সর্বোচ্চ ২৭ রান করেন নওরোজ।
দলীয় ৫৯ রানেই ছয় ব্যাটসম্যান সাজঘরে ফিরলে,তখন দলের হয়ে হাল ধরেন শেনওয়ারি ও নাজিবুল্লাহ জুটি। দু`জনে মিলে রানের খাতায় যোগ করেন ৮৬ রান। নাজিবুল্লাহ ৫৬ আর শেনওয়ারিও ৫৪ রান করে আউট হন।
এরপর হামিদের ১৬ রান ছাড়া আর কেউ কিউই বোলারদের সামনে টিকে থাকতে না পারায় ১৮৬ রানেই থেমে যায় আফগানদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ভেট্টোরি ৪টি ও বোল্ট নেন ৩টি উইকেট।
এমআর/আরআইপি