অস্ট্রেলিয়ানদের সামনে লঙ্কান পরীক্ষা


প্রকাশিত: ০৩:২০ এএম, ০৮ মার্চ ২০১৫

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) খেলা শুরু সকাল সাড়ে ৯টায়। ম্যাচের বিজয়ী দল সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।

বিশ্বকাপের ১১তম আসরে দু’দলের শুরুটা ছিল ভিন্ন অভিজ্ঞতার। ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়ে যাত্রা করে স্বাগতিক অস্ট্রেলিয়া। আর অপর স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯৮ রানে হার নিয়ে এবারের মিশন হয় গত দু’বারের ফাইনালিস্ট শ্রীলঙ্কার।

তবে আসরের এ মুহূর্তে কিছুটা ভিন্ন চিত্র দুই শিবিরে। টানা তিন জয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর শ্রীলঙ্কানরা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে হার এবং বৃষ্টির কারণে বাংলাদেশের কাছে পণ্ড ম্যাচের এক পয়েন্ট খুইয়ে আপাতত নিরাপদ নয় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা দ্বৈরথের আগে আলাদা আলোচনায় এসসিজি মাঠের উইকেটও। এমনিতে কিছুটা স্পিনবান্ধব চরিত্র এসসিজির পিচের। সিডনির পিচের চরিত্র বিবেচনায় আজ অসি একাদশে দেখা যেতে পারে ব্যাপক পরিবর্তন। এক ম্যাচ অস্ট্রেলিয়া একাদশের বাইরে থাকার পর আজ সুযোগ মিলতে পারে শেন ওয়াটসনের। অধিনায়ক মাইকেল ক্লার্ক ও কোচ ড্যারেন লেহম্যান শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে নিতে চাইছেন স্পিন তারকা জ্যাভিয়ার দোহার্টিকেও।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লঙ্কান শিবিরে চিন্তাটা দলের স্পিনারদের নিয়েই। ইনজুরি নিয়ে বিশ্বকাপ থেকে স্বদেশে ফিরে গেছেন স্পিন তারকা জীবন মেন্ডিস ও দিমুথ করুণারত্নে। চোট-আঘাতে ভুগছেন সফল বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য):
লাহিরু থিরিমান্নে, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্ডিমাল, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গা/সচিত্র সেনানায়েকে, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্ন, লাসিথ মালিঙ্গা ও সুরাঙ্গা লাকমাল।

অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য):
অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, শেন ওয়াটসন/মিচেল মার্শ, ব্র্যাড হ্যাডিন, জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড/জ্যাভিয়ার দোহার্টি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।